পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের, শোকস্তব্ধ বারাসত রামকৃষ্ণ পল্লি
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: খেলতে গিয়ে পুকুরে পড়ে গিয়েছিল দুই কিশোর। জলে ডুবে মৃত্যু হয়েছে তাদের। শনিবার দুপুরে বারাসতের রামকৃষ্ণ পল্লি এলাকায় ঘটেছে ঘটনাটি। মৃতদের নাম রুদ্র দাস (১৪) ও দেবার্ঘ্য দাস (১২)। তাদের বাড়ি বিদ্যাসাগর পল্লিতে। দুই সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। রুদ্রর বাবা গোবিন্দ দাসের বক্তব্য, ‘আমাদের সব শেষ হয়ে গেল।’ 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল দুই ভাই। রামকৃষ্ণ পল্লির একটি পুকুরের কাছে খেলা করছিল। স্থানীয়রা জানান, সম্প্রতি পুকুরটির সংস্কার হয়েছে। ফলে গভীরতা বেড়েছে। এই দুই কিশোরের কেউই সাঁতার জানত না। পুকুরের কাছে তখন অন্য কেউ ছিল না। আচমকা অসাবধানতাবশত পা পিছলে জলে পড়ে দু’জন। তারপর তলিয়ে যায়। পুকুরের উল্টোদিকের একটি বাড়ি থেকে তাদের ডুবতে দেখেন এক ব্যক্তি। তিনি চিৎকার করে ওঠেন। তা শুনে ছুটে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল। পুকুরে নেমে তল্লাশি শুরু করেন তাঁরা। ছেলেদের খোঁজে জলে নামেন রুদ্রর বাবা গোপাল দাস। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার করা যায় দুই কিশোরকে। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়ার পরও তাদের পৌঁছতে দেরি হওয়ায় ক্ষোভ ছড়ায় স্থানীয়দের মধ্যে। দুই সন্তানকে হারিয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছে পরিবারটি।  নিজস্ব চিত্র