নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কৃষিকাজের জন্য হাট থেকে গোরু কিনে নিয়ে যাওয়া পাইকারদের উপর বিজেপির তালিবানি অত্যাচারে অভিযোগে দুই নেতাকে গ্রেপ্তার করল পুলিস। শুক্রবার গভীর রাতে সাংবাদিক সম্মেলন করে দুই অভিযুক্ত দীপক দাস ও অনীশ ভট্টাচার্যকে গ্রেপ্তারের কথা জানান পুলিস কমিশনার সুনীল চৌধুরী। ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য পারিজাত গঙ্গোপাধ্যায় পলাতক বলে তিনি জানিয়েছেন। গত বৃহস্পতিবারের এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে দুর্গাপুর। বয়স্ক চাষিদের গলায় ও হাতে দড়ি বেঁধে প্রকাশ্য রাস্তায় অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে। তাঁদের কান ধরে রাস্তায় হাঁটিয়েছে বিজেপি নেতা-কর্মীরা। যা নিয়ে সমালোচনায় সরব সব পক্ষ। এদিন আক্রান্তদের বাড়িতে যান আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি। চোখের জল মুছতে মুছতে সেদিনকার অত্যাচারের কথা জানান বৃদ্ধ মহম্মদ জহুরুল।



