সংবাদদাতা, ডোমকল: রানিনগরে বিএসএফের হাতে পাকড়াও এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতের নাম রাসেল শেখ। তার বাড়ি বাংলাদেশের গোদাগাড়িতে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বুধবার রাতে ধৃতকে রানিনগর থানার হাতে হস্তান্তর করেন ৭৩ নম্বর ব্যাটেলিয়ন বিএসএফের কাহারপাড়া ক্যাম্পের জওয়ানরা। বৃহস্পতিবার ধৃতকে আদালতে পাঠানো হলে সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
বিএসএফ ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ১৩ নম্বর ওপি পয়েন্টে ডিউটি করছিলেন কাহারপাড়া বিওপি ক্যাম্পের জওয়ানরা। টহলদারির সময় তাঁরা ফসলের খেতের আড়ালে জিরো পয়েন্টে একজনের সন্দেহজনক আনাগোনা লক্ষ্য করেন। এরপরে বিএসএফ কিছুটা ধাওয়া করলেও ওই ব্যক্তি ফসলের খেতের আড়ালে লুকিয়ে পড়ে। পরে তাকে ধাওয়া করে ধরে ফেলে বিএসএফের জওয়ানরা। ধৃত কোনও বৈধ ভারতীয় পরিচয়পত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে ধৃত নিজেকে বাংলাদেশি পরিচয় দেয়। এরপরই ধৃতকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন জওয়ানরা। পরে বুধবার রাতে ধৃতকে রানিনগর থানার হাতে তুলে দেওয়া হয়।
এদিকে, জলঙ্গিতেও এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে বিএসএফ। মঙ্গলবার চর ভদ্রা এলাকা দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় বাংলাদেশিকে পাকড়াও করে বিএসএফের ১৪৬ নম্বর ব্যাটালিয়নের চর ভদ্রা ক্যাম্পের জওয়ানরা। ধৃতের নাম মাসুম শেখ। তার বাড়ি বাংলাদেশের যশোরের কোতোয়ালি থানা এলাকায়। বুধবার ধৃতকে জলঙ্গি থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃতের কাছে থেকে নকল ভারতীয় পরিচয়পত্রও বাজেয়াপ্ত করা গিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে দিল্লিতে থাকত। বছর কয়েক ধরে যশোরের এক যুবতীর সঙ্গে তার ফোনে পরিচয় হয়েছিল। ওই যুবতীর সঙ্গে দেখা করতেই সে বাংলাদেশে যাওয়ার ছক কষেছিল।
রানিনগরে বিএসএফের হাতে পাকড়াও হওয়া বাংলদেশি অনুপ্রবেশকারী। -নিজস্ব চিত্র