নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, ময়নাগুড়ি: এ যেন ছোটবেলার চোর পুলিসের খেলা। শুক্রবার রাতভর পুলিসের গাড়িকে বারবার বিভিন্ন রাস্তাতে ঘোল খাইয়ে শেষপর্যন্ত গাড়ি ফেলে বৈকুণ্ঠপুর জঙ্গলের মধ্যে আত্মগোপন দুষ্কৃতীদের। শনিবার দিনভর জলপাইগুড়ি ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের বিশাল বাহিনী, বনদপ্তর থেকে শুরু করে গোয়েন্দারা জঙ্গলের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘিরে রেখেও সন্ধ্যা পর্যন্ত তাদের টিকি ছুঁতে পারেনি। দুষ্কৃতীরা যাতে জঙ্গল থেকে বেরিয়ে কোনওভাবেই গা ঢাকা দিতে না পারে, তা নিশ্চিত করতে নজরদারিতে কোনও খামতি নেই পুলিসের। শুক্রবার রাতে ময়নাগুড়ির বোলবাড়িতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দু’টি এটিএম থেকে টাকা লুটের ঘটনার পর থেকেই রীতিমতো কালঘাম ছুটেছে পুলিসের। ওই রাতে অন্যান্য দিনের মতো ময়নাগুড়ি থানার পেট্রলিং চলছিল। আচমকা একটি দ্রুতগতির গাড়ি দেখতে পান পুলিস কর্মীরা। গাড়িটি পুলিস দেখেই ভিন্ন রুট ধরে। সন্দেহ হতে না হতেই পুলিস কর্মীরা জানতে পারেন বোলবাড়ির দু’টি এটিএম লুট হয়েছে। এই খবর পেয়েই সন্দেহভাজন গাড়িটির পিছু নেয় পুলিস ভ্যান। তবে পুলিসের গাড়িটিকে এক লহমায় ভেলকি দিয়ে চম্পট দেয় দুষ্কৃতী দল। একইভাবে রাতভর বিভিন্ন এলাকায় নাকা চেকিংয়ে থাকা পুলিসের ভ্যানগুলিকে ভেলকি দিয়ে তারা চম্পট দিতে থাকে। জলপাইগুড়ি ও শিলিগুড়ির বিভিন্ন থানায় খবর পাঠানো হয়। বিভিন্ন রাস্তায় শুরু হয়ে যায় চেকিং। অবশেষে ভোরের আলো থানার গজলডোবা ব্যারেজের কাছে অসম নম্বরের গাড়িটি রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সেই গাড়ি থেকে অসম, পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশের তিনটি নম্বর প্লেট উদ্ধার হয়েছে।



