নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠল দাদাগিরির অভিযোগ। মদ্যপ অবস্থায় প্রতিবেশীর বাড়ির পাশের মাঠে বসে চিৎকার, মহিলাদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। প্রতিবাদ করতেই প্রতিবেশীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করার অভিযোগ উঠল ওই সিভিক ভলান্টিয়ার ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার জগৎবল্লভপুরের গোবিন্দপুর শিবতলায়। অভিযুক্ত সিভিক দিব্যেন্দু আদক ও তার ভাই শুভেন্দু আদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে প্রসেনজিৎ জেটির বাড়ির পাশের একটি মাঠে বসে মদ্যপান করছিল দিব্যেন্দু, তার ভাই শুভেন্দু এবং কয়েকজন বন্ধু। সঙ্গে চলছিল চিৎকার-চেঁচামেচি। মহিলাদের উদ্দেশ করে অশালীন ভাষায় গালিগালাজও করা হচ্ছিল বলে অভিযোগ। বাড়ির পাশেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় প্রতিবাদ করেন প্রসেনজিৎ। তখনই প্রসেনজিতের উপর চড়াও হয় দিব্যেন্দু ও তার সঙ্গীরা। লোহার রড দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করা হয়। মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রসেনজিৎ। শুধু তাই নয়, অভিযুক্তদের বাধা দিতে গেলে প্রসেনজিতের মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ। তড়িঘড়ি তাঁকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আক্রান্তের পরিবারের তরফে জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে দিব্যেন্দু ও তার ভাই শুভেন্দুকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দিব্যেন্দু আদক হাওড়া গ্রামীণ পুলিশের ডিআইবি বিভাগে কর্মরত। ফলে আইনশৃঙ্খলা রক্ষার কাজে যুক্ত ব্যক্তির বিরুদ্ধেই এমন অভিযোগ ওঠায় প্রশ্ন উঠেছে এলাকায়। নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হাওড়া গ্রামীণের এসপি অমিত ভার্মা বলেন, ‘আক্রান্তের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে, কোনো ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না। এই ঘটনাতেও কড়া আইনি পদক্ষেপ করা হবে।’



