নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লাইসেন্সপ্রান্ত বন্দুকের দোকান থেকে কার্তুজ নিয়ে এসে গুলি বন্দুকের বেআইনি কারবার চালানোর অভিযোগ উঠল। বসিরহাট থেকে দীপ্তজিত সেন ও কাজল মুখোপাধ্যায় নামে দুই বেআইনি অস্ত্র ব্যবসায়ীকে সোমবার রাতে গ্রেপ্তার করল বেঙ্গল এসটিএফ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি সেভেন এম এম পিস্তল ও কার্তুজ। কোন অস্ত্র বিপণি থেকে এই কার্তুজ তারা হাতিয়েছিল সেই নাম জেনেছেন তদন্তকারীরা। কাদের মাধ্যমে দুষ্কৃতীদের কাছে এগুলি পৌঁছয় তাও জেনেছেন তাঁরা। কত গুলি তারা কিনেছে এবং কাদের বিক্রি করেছে জানতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।বেঙ্গল এসটিএফের কাছে খবর আসে, বসিরহাট এলাকায় দু’জন বেআইনি অস্ত্রের কারবার চালাচ্ছে। তাদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীরা এসে আগ্নেয়াস্ত্র কিনে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে দু’জনকে বসিরহাট থেকে সোমবার রাতে ধরা হয়। জিজ্ঞাসাবাদে তারা তদন্তকারীদের জানায়, কোথায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ লুকিয়ে রেখেছে। তার ভিত্তিতে সেখানে তল্লাশি চালিয়ে বিপুল এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এসটিএফ। কিন্তু কারা তাকে আগ্নেয়াস্ত্র সরবরাহ করত সেই বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। সেই কারণে ধৃতদের জেরা করা হচ্ছে।



