নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিনিয়োগের নামে প্রতারণার পৃথক দুটি ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। প্রতারণার মোট অঙ্ক আড়াই কোটি টাকার বেশি। নিউটাউনের এক বৃদ্ধ খুইয়েছেন ২ কোটি ১৩ লক্ষ টাকা। আর বাগুইআটির এক বৃদ্ধের সঙ্গে ৫০ লক্ষ টাকার প্রতারণা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিউটাউনের ওই বৃদ্ধ গৌরাঙ্গনগর এলাকার একটি আবাসনে থাকেন। প্রতারকরা তাঁকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে শেয়ার বাজারে বিনিয়োগের টোপ দেয়। উচ্চ রিটার্নের আশায় তিনি অপরিচিতদের বিশ্বাস করে বিনিয়োগ করে ফেলেন। টাকা তুলতে গিয়ে টের পান যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।
ওই বৃদ্ধকে ‘ভিআইপি’ গ্রুপে বিনিয়োগ করতে বলা হয়েছিল। তিনি মোট ২ কোটি ১৩ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গত ৪ ফেব্রুয়ারি বৃদ্ধ বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওই ঘটনার তদন্তে পুলিশ গত ১৮ নভেম্বর দু’জনকে গ্রেপ্তার করেছিল। তাদের জেরা করে আরও একজনের নাম পাওয়া যায়। অভিযান চালিয়ে গত শুক্রবার তাকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আল্লারি বিজয়কুমার। বাড়ি অন্ধপ্রদেশের বিশাখাপত্তনমে।
অন্যদিকে, বাগুইআটির ওই বৃদ্ধও অনলাইনে শেয়ার বাজারে বিনিয়োগ করেছিলেন। একইভাবে তিনিও প্রতারককের খপ্পরে পড়েন। বিশ্বাস করে তিনি কয়েক দফায় ৫০ লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেন। কিন্তু তিনি এক টাকাও তুলতে পারেননি। তারপরই তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছিলেন। ওই ঘটনায় শুক্রবারই এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রমেশ। তার বাড়ি অন্ধপ্রদেশের শ্রীকাকুলামে। ধৃতকে জেরা করে বাকিদের খোঁজ চলছে। সাইবার বিশেষজ্ঞদের কথায়, শেয়ার বাজারে বিনিয়োগের টাকা যে দ্রুত হারে বাড়ছে, সেই ভুয়ো ব্যালেন্স দেখানোর জন্য প্রতারকরা নকল ইন্টারফেসও ডাউনলোড করায়। তাতে বিশ্বাসযোগ্যতা আরও বেড়ে যায়। তাই যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। না হলে জীবনের সমস্ত সঞ্চয় এক নিমেষ উধাও হয়ে যেতে পারে।



