সংবাদদাতা, তেহট্ট: এক ব্যক্তিকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলিয়ে দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতদের নাম কার্তিকচন্দ্র বিশ্বাস ওরফে যতন ও কাজল মণ্ডল। গত বৃহস্পতিবার পলাশীপাড়া থানার চড়কপোতা থেকে কাজলকে গ্রেপ্তার করে পুলিস। তাকে জেরা করে গত শুক্রবার সাটেখালি থেকে কার্তিককে গ্রেপ্তার করে পুলিস। ধৃত দু’জনকে শনিবার তেহট্ট আদালতে তুললে কাজলকে আট দিনের ও কার্তিককে ছয় দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
প্রসঙ্গত, এক ব্যক্তিকে ব্যাঙ্কে বই করে দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা ঋণ তুলে সেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে চারজনের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় পলাশীপাড়া থানার চড়কপোতার বাসিন্দা ফিরোজা বিবি লিখিতভাবে এই অভিযোগ করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্তে নেমে ওই দু’জনকে গ্রেপ্তার করেছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে চড়কপোতার বাসিন্দা ফিরোজা বিবির ছেলে আব্দুল আজিজ মণ্ডলের অ্যাকাউন্ট খুলে দেবে বলে এলাকার কয়েকজন ব্যাঙ্কে নিয়ে যায়। সেখানে গিয়ে আধার কার্ড, বাবার নাম, নিজের নাম দিয়ে কিছু কাগজে সই করিয়ে ১০ লক্ষ টাকা ঋণ তুলে নেয়। তারপর থেকে ব্যাঙ্ক তাঁকে কোনও নোটিস পাঠায়নি। মাস ছয়েক আগে আব্দুল আজিজ মারা যান। কয়েক আগে ঋণ শোধ করার নোটিস আসে বাড়িতে। ব্যাঙ্কে গিয়ে ফিরোজা বিবি জানতে পারেন, ছেলের নামে ১০ লক্ষ টাকা ঋণ আছে। এরপর তিনি থানায় অভিযোগ করেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ফিরোজা বিবির অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করে এই চক্রে আর কারা জড়িত তা জানার চেষ্টা করা হবে।