Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬

হরিয়ানার গায়ক অঙ্কিত বালিয়ান হত্যাকাণ্ডে উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে খতম দুই অভিযুক্ত

হরিয়ানার গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান হত্যাকাণ্ডের তদন্তে বড়োসড়ো পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার ভোরে শামলি জেলায় নাকা চেকিংয়ের সময় পুলিশের জালে ধরা পরে দুই হত্যাকারী।

হরিয়ানার গায়ক অঙ্কিত বালিয়ান হত্যাকাণ্ডে উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে খতম দুই অভিযুক্ত
  • ৩১ আগস্ট, ২০২৬ ১১:০৯
Prefer us on Google

লখনউ, ৩১ আগস্ট: হরিয়ানার গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান হত্যাকাণ্ডের তদন্তে বড়োসড়ো পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ পুলিশ। সোমবার ভোরে শামলি জেলায় নাকা চেকিংয়ের সময় পুলিশের জালে ধরা পরে দুই হত্যাকারী। তাঁদের সঙ্গে ঘটনাস্থলেই শুরু হয় গুলির লড়াই। অবশেষে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হল দুই সন্দেহভাজন শুটারের। লিশ জানিয়েছে, মৃতদের নাম সুমিত ও মোহিত। তাঁদের অঙ্কিত হত্যাকাণ্ডের সঙ্গে যোগ রয়েছে বলে প্রাথমিক ভাবে দাবি তদন্তকারীদের।

Advertisement

গোপন সূত্রে খবর পাওয়ার পর রবিবার রাত থেকেই শামলি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশ ও বেরনোর রাস্তায় নজরদারি বাড়ানো হয়েছিল। একাধিক জায়গায় পুলিশ পিকেট বসানো হয়। ভোর প্রায় ৪টে নাগাদ কারনালের দিক থেকে একটি সন্দেহজনক বাইক আসতে দেখে সেটিকে থামানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা। অভিযোগ, পুলিশ বাইকটি আটকানোর চেষ্টা করতেই আরোহীরা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় পুলিশও। বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ের পর গুলিবিদ্ধ অবস্থায় দুই সন্দেহভাজনকে উদ্ধার করা হয়। পরে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। এই অভিযানে দুই পুলিশকর্মীও আহত হয়েছেন। অঙ্কিত বালিয়ান হত্যার পরই তদন্তে নামে উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনার গুরুত্ব বিবেচনা করে একটি বিশেষ টাস্ক ফোর্সও গঠন করা হয়। তদন্তকারীদের দাবি, অঙ্কিতকে খুনের ঘটনায় মোট চার জন শুটার সরাসরি যুক্ত ছিল। তাঁদের মধ্যে দু’জন এনকাউন্টারে নিহত হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি, আরও দু’জন ব্যক্তি অঙ্কিতের গতিবিধির উপর নজর রাখার অর্থাৎ রেইকি করার কাজে যুক্ত ছিল বলে তদন্তে উঠে এসেছে। 

উল্লেখ্য, গত বুধবার শামলির এলাকায় জিম থেকে বেরোনোর সময় অঙ্কিতকে লক্ষ্য করে পরপর প্রায় ২০ রাউন্ড গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হত্যার পরেই সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে দায় স্বীকার করে ‘গোগী গ্যাং’ নামক এক গোষ্ঠী। তাদের দাবি গ্যাংস্টার জিতেন্দ্র গোগীকে নিয়ে অঙ্কিত একটি গান তৈরি করেছিলেন। রোহিণী আদালত চত্বরে জিতেন্দ্র গোগী খুন হওয়ার ঘটনার সঙ্গে ওই গানের যোগ রয়েছে বলেও দাবি করা হয়। সেই ঘটনারই প্রতিশোধ হিসেবে অঙ্কিতকে হত্যা করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছিল।  

Advertisement
সম্পর্কিত সংবাদ