Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পাটিকাবাড়িতে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত

পাটিকাবাড়িতে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: টাকা ভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় এক নাবালকসহ  দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস। ছুরি দেখিয়ে একটি ব্যাঙ্কের কর্মীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মঙ্গলবার দুপুরে এই ঘটনায় পাটিকাবাড়ির ঘোষপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নওদা থানার পুলিস ঘটনার পরই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতের নাম, আনোয়ার শেখ। তার বাড়ি বেলডাঙার খাসপাড়া এলাকায়। অপরজন নাবালক। ধৃতদের বুধবার মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হয়েছে। 

Advertisement

পুলিস জানিয়েছে, দুই অভিযুক্ত ঘটনার কথা স্বীকার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ব্যাঙ্কের ওই কর্মী গ্রুপ লোনের টাকা আদায়ের জন্য পাটিকাবাড়ি ঘোষপাড়া এলাকায় ঘুরছিল। সেসময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী টাকার ব্যাগ ছিনতাই করেছে বলেই অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। দিনে দুপুরে এই ঘটনায় এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। নওদা থানার পুলিস স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজ দেখে তল্লাশি চালাতে থাকে। 
অভিযোগকারী ওই যুবক পুলিসের কাছে দাবি করেছে, তার ওই ব্যাগে এক লক্ষ ৩৫ হাজার টাকা ছিল। একটি ধারালো ছুরি দেখিয়ে সেই ব্যাগ নিয়ে চম্পট দিয়েছে হেলমেট পরা এক যুবক। জেলা পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, একটা ছিনতাইয়ের ঘটনার অভিযোগ করা হয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে দুজনকে গ্রেপ্তার করেছি। তারা দোষ স্বীকার করেছে। ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা কোথায় আছে আমরা জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করার চেষ্টা করছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ