Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বর্ষীয়ান নেতা আশিসের মৃত্যু নিয়ে তৃণমূলের দুই শিবিরের তরজা চরমে

প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূলের দুই শিবিরের তরজা চরমে উঠল।

বর্ষীয়ান নেতা আশিসের মৃত্যু নিয়ে তৃণমূলের দুই শিবিরের তরজা চরমে
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূলের দুই শিবিরের তরজা চরমে উঠল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী হলেও ভোটের পর তৃণমূল আড়াআড়ি ভাগ হয়ে গেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লেখান আশিসবাবু। এদিন সকালে ঘটনার খবর পাওয়ার পর কালীঘাট তৃণমূলের তরফে দাবি করা হয়, তাঁর উপর অপরিসীম মানসিক চাপ তৈরি করা হয়েছিল। সেই কারণেই এই মর্মান্তিক ঘটনা। মমতাপন্থী তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুতে বিজেপি ও তার দালালদের থ্রেট কালচারের নগ্ন চেহারা সামনে এসে পড়েছে। আশিসদা মনেপ্রাণে মমতাদির সঙ্গে থাকতে চাইছিলেন, প্রমাণ তাঁর ফেসবুক পেজ। বিজেপি জমানার থ্রেট কালচারের শিকার আশিসদা।’ ঘটনার খবর পেয়ে আশিসবাবুর বাড়িতে যান মমতা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি বলেন, ‘সুইসাইড নোটে আশিসবাবু লিখেছেন যে তাঁকে অপমানিত করার চেষ্টা হয়েছে। এই সজ্জন মানুষকে কে অপমান করেছে, তদন্ত করে তা সামনে আনা হোক।’ 

Advertisement

অন্যদিকে, এদিনই আশিসবাবুর বাড়ি গিয়ে পরিবারের পাশে দাঁড়ান রাজ্যের বিরোধী দলনেতা তথা তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন আখরুজ্জামান, অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিংহ (রানা), স্নেহাশিস চক্রবর্তীরা। ঋতব্রত বলেন, ‘সর্বজনশ্রদ্ধেয় সৎ রাজনীতিবিদ ও জনপ্রিয় শিক্ষক ছিলেন আশিসবাবু। তাঁর সুইসাইড নোট অনেক প্রশ্ন সামনে নিয়ে এসেছে। গত ১৫ বছর ধরে তৃণমূল জমানায় যে ব্যাপক লুট ও দুর্নীতি হয়েছে, তার দায় আমরা কেউ এড়াতে পারছি না। তৃণমূলের সব নেতা-কর্মীকেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। প্রত্যেকের উপর মানসিক চাপ পড়ছে।’ রাজনৈতিক মহল মনে করছে, পালাবদলের পর যে মানসিক চাপের জন্য আশিসবাবু এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মমতা তৃণমূল দাবি করছে, ঋতব্রত কৌশলে তা নস্যাৎ করে এই ঘটনার জন্য ঘুরিয়ে পালাবদলের আগের তৃণমূলকেই কাঠগড়ায় তুললেন। এই সূত্রে ঋতব্রত আরও বলেন, ‘সোমবার মুখ্যমন্ত্রীকে চিঠি দেব। তৃণমূলের যারা মাফিয়া সিন্ডিকেট চালিয়ে কোটি কোটি কামিয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। আশিসদাকে আমরা শহিদ হিসাবেই মনে রাখব।’ 
রবিবার সকালে রামপুরহাটে নিজের বাড়ির নীচে দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয় পাঁচবারের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। তাঁর ফেসবুক পেজে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ে ছবি রয়েছে। শনিবার স্বাধীনতা দিবসের কর্মসূচিতে রামপুরহাটেই ছিলেন তিনি। পতাকা উত্তোলনের ছবি নিজের ফেসবুক পেজে পোস্টও করেন তিনি। মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজ মাধ্যমে লিখেছেন, ‘সুইসাইড নোটে তিনি যে ধারাবাহিক অপপ্রচার ও তাঁকে কালিমালিপ্ত করার যন্ত্রণার কথা লিখে গিয়েছেন, তা উপেক্ষা করা যায় না। বাংলা আজ তার এক সৎ ও আদর্শবান ভূমিপুত্রকে হারাল।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ