সংবাদদাতা, বেলদা: গ্রাম পঞ্চায়েতের সচিবের বিরুদ্ধে প্রায় ৭০ লক্ষ টাকা আর্থিক অনিয়মের অভিযোগ। এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজনা ছড়াল দাঁতন-২ ব্লকের তুরকা ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত সচিব ক্ষিতীশকুমার খাটুয়ার বিরুদ্ধে অর্থ তছরুপ, সরকারি কাজে গাফিলতি সহ একাধিক অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য সুচিত্রা সাউ ও স্থানীয়দের একাংশ। মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত চলে এই বিক্ষোভ। পরে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন সুচিত্রা দেবী।
অভিযোগপত্রে চতুর্দশ ও পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ এবং গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিলের অর্থের হিসাব নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। চতুর্দশ অর্থ কমিশনের প্রায় ১৩ লক্ষ টাকা এবং পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় ৪৮ লক্ষ টাকার খরচ নিয়ে বিশেষ অডিটের দাবি জানানো হয়েছে। পাশাপাশি পঞ্চায়েতের নিজস্ব তহবিলের প্রায় ৫ লক্ষ টাকার হিসাবেও গরমিলের অভিযোগ উঠেছে। এছাড়াও উন্নয়নমূলক কাজ শেষ হওয়ার পরেও ঠিকাদারদের প্রায় ২৭ থেকে ৩০ লক্ষ টাকা বকেয়া, গ্রামসভার রিপোর্ট ও প্রকল্পের মাস্টার রোল জমা না দেওয়া, নিয়মিত অফিসে না আসা এবং কর্মীদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে। সার্ভের অজুহাতে দীর্ঘদিন অফিসের বাইরে থাকা এবং মদ্যপ অবস্থায় অফিসে আসার অভিযোগও রয়েছে।
সুচিত্রা সাউয়ের অভিযোগ, ‘গত ছ’ মাস ধরে হিসাব চাইছি, কিন্তু সচিব হিসাব দেননি। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সঙ্গে নিয়ে কয়েক লক্ষ টাকার হিসাবের গরমিল করেছেন। সব মিলিয়ে অনিয়মের পরিমাণ ৭০ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। তাই সঠিক তদন্ত ও অডিটের দাবিতে বিডিওর দ্বারস্থ হয়েছি।’
যদিও অভিযোগ অস্বীকার না করে তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন সচিব ক্ষিতীশকুমার খাটুয়া। তাঁর বক্তব্য, সমস্ত বিল, ভাউচার ও প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে তিনি প্রস্তুত।অন্যদিকে, গ্রাম পঞ্চায়েতের প্রধান ওয়াহিদা বিবি অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, মিথ্যে অভিযোগে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিডিও অভিরূপ ভট্টাচার্য জানান, অভিযোগ পাওয়া গিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সূত্রে সচিবকে শোকজের নোটিস দেওয়ার প্রক্রিয়াও চলছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।



