সংবাদদাতা, বোলপুর : টুলু কাণ্ডে নয়া মোড়। এবার রাজ্য এসটিএফের রেডারে টুলুর শ্বশুর বাড়ির লোক। পাড়ুইয়ে টুলুর শ্বশুর নুর আলমের বাড়ি এবং দুই শ্যালক শেখ মিঠু ও শেখ মিন্টুর বাড়িতে আজ হানা দেয় রাজ্য পুলিশের এসটিএফ ও জেলা পুলিশের একটি দল। টানা প্রায় আড়াই ঘণ্টা ধরে চলছে তল্লাশি। এলাকায় আরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই। দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে বাড়ির সামনের একটি অংশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের দুই শ্যালক দীর্ঘদিন ধরে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। তাদের ৩০ থেকে ৪০টি ডাম্পার রয়েছে। টুলু মণ্ডলের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল কি না, কিংবা আর্থিক লেনদেনের কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি এদিন এসটিফের তল্লাশির সময় টুলু মণ্ডলের শ্বশুরবাড়ি থেকে কয়েকটি ব্যাগ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। ওই ব্যাগগুলিতে টাকা বা অন্য কোনও গুরুত্বপূর্ণ নথি রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখছেন এসটিএফ ও জেলা পুলিশের আধিকারিকরা।