নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: জাল ডিসিআর মামলায় ফের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। আগেও সিউড়ি থানায় একদফা জেরার মুখোমুখি হয়েছিলেন তিনি। মঙ্গলবার ফের বেলা ১১টায় তাঁকে সিউড়ি থানায় তলব করেছিল পুলিশ। নির্ধারিত সময়ের মিনিট পনেরো আগেই থানায় হাজির হন তিনি। টানা ন’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত আটটা নাগাদ থানা থেকে বের হন টুলু। বাইরে এসে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আইনের প্রতি পূর্ণ আস্থা আছে।’ তাঁর আইনজীবী রাফেউল হকের দাবি, ‘তদন্তকারী আধিকারিকরা যা যা জানতে চেয়েছেন, সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন টুলুবাবু। তিনি তদন্তে সবরকম সহযোগিতা করছেন।’ তবে স্বস্তি মিলছে না এখনই। সূত্রের খবর, বুধবারই তাঁকে ফের তলব করেছে সিআইডি, ভবানী ভবনে। বৃহস্পতিবার হাজিরা দিতে হবে মহম্মদবাজার থানাতেও।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত বছরের নভেম্বরে নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড় থেকে নগদ পাঁচ কোটি টাকা উদ্ধারের পুরোনো মামলাতেই বুধবার টুলুকে ভবানী ভবনে ডাকা হয়েছে। উল্লেখ্য, ওই ঘটনায় টুলুর দুই সহযোগী আক্রাম খান ও ইমরান খান গ্রেপ্তার হয়েছিলেন। তবে সিআইডি সূত্রে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। শুধু নগদ পাঁচ কোটি টাকাই নয়, সেদিন ওই গাড়ি থেকে প্রচুর ডিসিআরও উদ্ধার হয়েছিল। সম্প্রতি সিআইডির দুই আধিকারিক সেই নথি নিয়ে মহম্মদবাজার ব্লক ভূমিদপ্তরে এসে আধিকারিককে তা যাচাই করতে দেন। সূত্রের দাবি, খতিয়ে দেখার পর গত ১৭ নভেম্বর সিআইডিকে রিপোর্ট পাঠিয়েছেন ভূমি আধিকারিক। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উদ্ধার হওয়া ওই ডিসিআরগুলি সম্পূর্ণ জাল। পাথর শিল্পাঞ্চলে জাল ডিসিআর-এর মাধ্যমে রাজস্ব ফাঁকির তদন্তে এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গোয়েন্দারা।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর সুপ্রিম কোর্ট টুলু মণ্ডলকে ১৭ নভেম্বরের মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। শীর্ষ আদালতের নির্দেশ মেনে দেশে ফিরতেই একের পর এক পুরোনো মামলায় তাঁকে ঘিরে ধরতে শুরু করেছে রাজ্য পুলিশ ও সিআইডি। ভূমিদপ্তরের রিপোর্ট হাতে পাওয়ার পরই গত ২০ নভেম্বর ভবানী ভবনে তাঁকে একদফা জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। এরপর সিউড়ি থানায় দফায় দফায় জেরা, ফের ভবানী ভবন ও মহম্মদবাজার থানায় তলব। এর জেরে ক্রমেই এই প্রভাবশালী পাথর ব্যবসায়ীর আইনি ফাঁস জোরালো হচ্ছে।



