নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের মামলার শুনানি পিছিয়ে গেল। নিজের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন টুলু। শুক্রবার মামলাটি শুনানির জন্য উঠেছিল বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে। কিন্তু রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। শুনানি পিছিয়ে যাওয়ার পর শুক্রবার দুপুরে ভবানী ভবনে হাজিরা দিয়েছেন টুলু। এদিকে মিনার মণ্ডলের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় আজ, শনিবার ‘পাথর সম্রাট’-কে ডেকে পাঠিয়েছে মহম্মদবাজার থানার পুলিশ। আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে ২৬ নভেম্বর টুলুর মামলার শুনানি হবে। টুলুর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি রয়েছে কি না, তাও জানাতে বলেছে হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাওয়ের নির্দেশ, লুক আউট জারি রয়েছে কি না, তা ২৬ নভেম্বর জানাতে হবে।
নারায়ণপুর থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গে জানতে চাওয়া হলে টুলু তদন্তকারীদের কাছে দাবি করেছেন, এই টাকা তাঁরই এবং বৈধভাবে উপার্জন করা। ব্যবসার প্রয়োজনে এই টাকা কলকাতায় নিয়ে আসা হচ্ছিল। টাকা সংক্রান্ত সমস্ত নথি রয়েছে। প্রয়োজনে সেগুলি দেখাতে পারেন তিনি। সিআইডির তরফে নথি জমা করতে বলা হয়েছে বলে খবর।



