Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তুফানগঞ্জ: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দুই ছাত্রীর শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দুই ছাত্রীর শ্লীলতাহানি করার পাশাপাশি বেধড়ক মারধর করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে।

তুফানগঞ্জ: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দুই ছাত্রীর শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তুফানগঞ্জ: কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দুই ছাত্রীর শ্লীলতাহানি করার পাশাপাশি বেধড়ক মারধর করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলেছে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের ধোপগুড়ি মৌজার আমতলা বাজার সংলগ্ন এলাকায়। এ নিয়ে তুফানগঞ্জ থানার দ্বারস্থ হয়েছে ওই ছাত্রীদের পরিবার। অভিযোগের ভিত্তিতে তুফানগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল নাগাদ দশম শ্রেণির ওই দুই ছাত্রী একসঙ্গেই বিজ্ঞান বিভাগের টিউশন পড়তে যায়। ফেরার পথে দুই যুবক তাদের পথ আটকে কুপ্রস্তাব দেওয়ায় প্রতিবাদ করে। এরপরই তাদের গালিগালাজ শুরু করে ওই দুই যুবক। এরপর তাদের উপর চড়াও হয়ে মারধরের পাশাপাশি শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ছাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। 
এক নাবালিকার বাবা বলেন, দুই বান্ধবী একসঙ্গেই টিউশনে গিয়েছিল। ফেরার পথে বাড়ি থেকে কিছুটা দূরে এই ঘটনা ঘটেছে। আমার মেয়ে ও তার বান্ধবী দু’জনকেই চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেছে দুই যুবক। ওদের হাসপাতালে চিকিৎসা চলছে। থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। 
তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক কান্নেধারা মনোজ কুমার বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনের খোঁজে তল্লাশি চলছে।

সম্পর্কিত সংবাদ