Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটোর ভাড়া বেশি নিলে কড়া পদক্ষেপ

টোটোর ভাড়া বেশি নিলে কড়া পদক্ষেপ
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: টোটোর ভাড়া নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। বহু ক্ষেত্রে চালকরা যাত্রীদের কাছে মর্জিমাফিক ভাড়া হাঁকছে বলে অভিযোগ। যেকারণে সমস্যায় পড়ছেন বাসিন্দারা। সেই সমস্যা সমাধানে এবার সিউড়ি পুরসভা কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিতে চলেছে। এবার থেকে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠলেই পুরসভার তরফে টোটোর রেজিস্ট্রেশন বাতিল করা হবে। সেইসঙ্গে টোটোচালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে। তার আগে দ্রুত পুরসভার তরফে যাত্রীপিছু ভাড়া নির্ধারণ করা হবে। মহকুমা প্রশাসন, টোটোচালক সংগঠনের সদস্যদের উপস্থিতিতেই ভাড়া নির্ধারণ করা হবে। আগামী মাসের শুরু থেকেই নয়া ভাড়া কার্যকর করার চিন্তাভাবনা রয়েছে। এবিষয়ে পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, দ্রুত ভাড়া নির্ধারণ করা হবে। তারপরও কোনও চালকের বিরুদ্ধে অভিযোগ পেলে টোটোর রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে। 
Advertisement
সিউড়ি শহরে ইতিমধ্যে প্রায় ২৪৯০টি টোটো রেজিস্ট্রেশন পেয়েছে। পুরসভার তরফে রেজিস্ট্রেশন পাওয়া টোটোগুলিতে কিউআর কোড লাগানোর কাজ চলছে। মহকুমা প্রশাসনের সহযোগিতায় পুরসভার তরফে নীল ও গোলাপী রঙের কিউআর কোড লাগানো হচ্ছে। এই কিউআর কোড ধরেই টোটোর ব্যাপারে সমস্ত তথ্য জানা যাবে। সেইসঙ্গে টোটোচালকের বিরুদ্ধে যে কোনও অভিযোগও জানানো যাবে। এছাড়াও কিউআর কোডের হাত ধরে আগামী দিনে শহর যানজটের সমস্যা থেকে মুক্তি পাবে বলে পুরসভা ও প্রশাসনের দাবি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পৃথক দু’টি রঙের কিউআর কোড দেওয়া টোটোগুলি আলাদা আলাদা দিনে শহরের রাস্তায় চালানো হবে। মার্চ মাসের শুরু থেকেই তা কার্যকর করার ভাবনা রয়েছে। তার আগে অবশ্য ট্রায়াল রান হবে। কয়েকদিনের মধ্যেই ট্রায়াল রানের সম্ভাবনা রয়েছে। মূলত টোটোয় লাগানো কিউআর কোড ঠিকঠাক কাজ করছে কিনা তা যাচাই করা হবে। প্রায় এক সপ্তাহ এই ট্রায়াল রান চলবে।
ট্রায়ান রান পর্বের মাঝেই পুরসভা কর্তৃপক্ষ টোটোর ভাড়া নির্ধারিত করতে পদক্ষেপ নিতে চলেছে। মহকুমা প্রশাসন সহ টোটোচালক সংগঠনের সদস্যদের উপস্থিতিতে আলোচনার পর ভাড়া নির্ধারণ করা হবে। নির্দিষ্ট দূরত্ব অনুসারেই ভাড়া নির্ধারণ করা হবে। আগামী মার্চ মাসের শুরু থেকেই পুরসভার তরফে নির্ধারিত ভাড়া লাগু করা হবে। সেইসঙ্গে টোটোর জন্য নির্দিষ্ট করা স্ট্যান্ডও চালু করা হবে। এছাড়াও টোটোর রুটও নির্ধারণ করার ভাবনা রয়েছে। সিউড়ির মহকুমা শাসক সুপ্রতীক সিনহা বলেন, বর্তমানে টোটো চলাচলের কোনও নির্দিষ্ট রুট নেই। তবে অতিদ্রুত নির্দিষ্ট রুট নির্ধারণ করা হবে। ভাড়াও নির্ধারিত করা হবে। 
শহর টোটো ইউনিয়নের সভাপতি রাজিবুল ইসলাম বলেন, কোনও কোনও ক্ষেত্রে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ সামনে এসেছে। আমরাও চাই ভাড়া নির্ধারিত হোক। নির্ধারিত ভাড়ার তালিকা প্রতিটি স্ট্যান্ডে লাগানো থাকবে। এরপরও কোনও অভিযোগ এলে আমরাও কড়া পদক্ষেপ নেব।
Advertisement
সম্পর্কিত সংবাদ