Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তথ্য-প্রযুক্তিতে লগ্নি টানতে ড্রোন সহ বিভিন্ন নীতিতে জোর রাজ্য সরকারের

তথ্য-প্রযুক্তিতে লগ্নি টানতে ড্রোন সহ বিভিন্ন নীতিতে জোর রাজ্য সরকারের
  • ২০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সেমিকন্ডাক্টর সংক্রান্ত লগ্নি টানতে রাজ্যে আলাদা নীতি আনার কথা আগেই জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তথ্য-প্রযুক্তি দপ্তরের কর্তারা জানিয়েছিলেন, শীঘ্রই ওই নীতি আনা হবে। তার আগে প্রকাশ করা হবে খসড়া নীতি। তার উপর নিজেদের মতামত দিতে পারবে সংশ্লিষ্ট মহল। তারপরই নীতি চূড়ান্ত করা হবে। একইভাবে ‘গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার’ নীতি আনবে রাজ্য সরকার। রাজ্যে ড্রোন উৎপাদন ও ব্যবহার সংক্রান্ত নীতিও ঢেলে সাজবে তারা। মঙ্গলবার বণিকসভা অ্যাসোচেম আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য-প্রযুক্তি দপ্তরের কর্তারা জানিয়েছেন, ড্রোন নীতির পাশাপাশি ড্রোন অ্যাকাডেমি গড়ার কাজেও হাত দেবেন তাঁরা। তবে এই সংক্রান্ত কোনও সময়সীমার কথা জানাননি তাঁরা। 
Advertisement
এদিন তথ্য-প্রযুক্তি দপ্তরের কর্তারা দাবি করেছেন, আইটি’তে বাংলাকেই দেশের অন্যতম লগ্নির মুখ হিসেবে তুলে ধরতে তাঁরা সবরকমের চেষ্টা চালাচ্ছেন। বিদ্যুৎ, স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন খরচে ১০০ শতাংশ ছাড়, সম্পত্তি করে ৫০ শতাংশ ছাড়ের মতো সুবিধা দেওয়া হচ্ছে সংস্থাগুলিকে। তাঁদের কথায়, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদের মতো শহরগুলিতে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে ভিড় অনেক বেশি। সেদিক থেকে বাংলা বা কলকাতায় সুযোগ অনেক বেশি। এখানে শিল্প নিয়ে নেতিবাচক প্রচার ও মনোভাব ছিল অনেকের মধ্যেই। কিন্তু সেই সমস্যা অনেকটাই কেটেছে, দাবি দপ্তরের কর্তাদের।
সম্পর্কিত সংবাদ