Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটোচালকের রক্তাক্ত দেহ উদ্ধার সূতিতে

টোটোচালকের রক্তাক্ত দেহ উদ্ধার সূতিতে
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, জঙ্গিপুর: মঙ্গলবার সকালে সূতির আজাদনগরে ঝোপ থেকে এক টোটোচালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুরাজ শেখ(৩২)। বাড়ি ওই থানার ইংলিশ সাহাপাড়ায়। বাড়িতে তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে রয়েছে। টোটো নিয়ে বেরিয়ে সুরাজ রাতে আর ফেরেননি। এদিন সকালে মৃত্যুর খবর পান পরিবারের লোকজন। তাঁকে খুন করা হয়েছে বলে পরিবারের লোকজনের দাবি। নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। পুলিস জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। টোটোটি উদ্ধার করা হয়েছে।পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে টোটো নিয়ে বেরিয়ে গভীর রাত পর্যন্ত ঘরে না ফেরায় খোঁজাখুজি শুরু করেন পরিবারের লোকজন। এদিন সকালে ধলা গ্রাম পেরিয়ে আজাদনগরের কালভার্ট সংলগ্ন ঝোপে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। তাঁর মুখ ও শরীরে রক্তের দাগ রয়েছে। মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। গলায় আঘাত ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের লোকজনের দাবি। দিন দশেক আগে একটি নতুন টোটো কেনেন। টোটোটি ছিনিয়ে নিতেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে পরিবারের দাবি। যদিও ঘটনাস্থল থেকে কিছুটা দূরে টোটো উদ্ধার করে পুলিস। তাঁর মোবাইলের খোঁজ মেলেনি। মৃতের কাকা আলতাফ হোসেন বলেন, ভাইপো টোটো নিয়ে বেরিয়ে রাতে ফেরেনি। রাস্তার ধারে জঙ্গলে পড়ে রয়েছে বলে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি। উদ্ধার করে মহেশাইল হাসপাতালে নিয়ে যাওয়া হলে আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক। পুলিস তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে সাজা দিক।
Advertisement
সম্পর্কিত সংবাদ