সংবাদদাতা বেলদা: দাঁতনে আয়োজিত জেলাস্তরীয় জয় জোহার মেলা থেকে ফেরার পথে টোটো উল্টে সাত মহিলা জখম হন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাঁকে দাঁতন গ্রামীণ হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, দাঁতনের রবীন্দ্র ভবনে বুধবার বিরসা মুন্ডার স্মৃতিতে জয় জোহার মেলার আয়োজন করা হয়। এই মেলায় অংশগ্রহণ করে ফেরার পথে বিকেলে ঘোলাই এলাকায় টোটো উল্টে জখম হন স্ব-সহায়ক দলের ওই মহিলারা। তাঁদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় দাঁতন গ্রামীণ হাসপাতালে।



