Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটো, অটোচালক ও ব্যবসায়ীদের হুমকির জেরে বেতাই-পলাশী রুটে বাস পরিষেবা বন্ধ

টোটো, অটোচালক ও ব্যবসায়ীদের হুমকির জেরে বেতাই-পলাশী রুটে বাস পরিষেবা বন্ধ
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তেহট্ট: পলাশী রেলগেটের কাছে রয়েছে বেতাই–পলাশী রুটের বাস স্ট্যান্ড। সেখানেই রাস্তাজুড়ে তৈরি হয়েছে কিছু অবৈধ দোকান। ফলে বাস ঘোরাতে গিয়ে সমস্যায় পড়ছেন চালকরা। তাঁরা অবৈধ দোকানের বিরুদ্ধে প্রতিবাদ করায় ব্যবসায়ীরা চালকদের মারধর করে, বাসে ভাঙচুর চালায়। ব্যবসায়ীদের সঙ্গে যোগ দেয় অটো, টোটো চালকরা। এই ঘটনার প্রতিবাদে এবং বাসকর্মীদের সুরক্ষার দাবিতে সোমবার থেকে বাস ধর্মঘটের ডাক দিল বেতাই–পলাশী রুটের কর্মীরা। তাঁদের সমর্থন জানিয়ে বেতাই-কালীগঞ্জ, বেতাই-মাটিয়ারি, পলাশীপাড়া–কাটোয়া ঘাট সহ আরও বেশ কয়েকটি রুটের বাসও বন্ধ রাখা হয়েছে। এর জেরে সমস্যায় পড়েছেন বাসযাত্রীরা। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য সড়কে অটো-টোটোর দাপটে এমনিতেই অতিষ্ঠ বাসকর্মীরা। যাত্রী পাচ্ছে না বাস। যাত্রী তোলা নিয়ে বেশ কয়েকবার  ছোটখাটো ঝামেলা হয়েছে বিভিন্ন জায়গায়। এর মধ্যে বড় ঝামেলা হয় গত বছরের অক্টোবরে পলাশীপাড়া থানার সাহেবনগরে। সেখানে এক টাইম কিপারকে মারধর করে বলে অভিযোগ ওঠে অটো চালকদের বিরুদ্ধে। এর প্রতিবাদে তিনদিন বিভিন্ন রুটে বাস বন্ধ ছিল। চারজনকে গ্রেপ্তার করে পুলিস। পরিবহণ দপ্তর সেবার অটো-টোটোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিল। তারপরে পলাশীপাড়ায় যাত্রী নামাতে গিয়ে বাসকর্মীদের ক্ষোভের মুখে পড়ে এক অটোচালক। তার চাবি কেড়ে নিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এর প্রতিবাদে সেদিনই বেতাই-পলাশী রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় অটো চালকরা। এবার টোটো ও অটো চালকদের সঙ্গে যোগ দিয়েছে পলাশী রেলগেটের অবৈধ দোকানিরা। পলাশীপাড়া  বাস মালিক সমিতির সম্পাদক সাধন বিশ্বাস বলেন,  এর আগে একাধিক ঘটনা ঘটেছে। পুলিস  প্রশাসন, পরিবহণ দপ্তর সবাই ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আবার আমরা প্রশাসনের সর্বস্তরে বিষয়টি জানাচ্ছি। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ