Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটো ও অটো চালকদের স্বেচ্ছাচার বন্ধ করতে ভাড়া বেঁধে দেওয়ার দাবি যাত্রীদের

টোটো ও অটো চালকদের স্বেচ্ছাচার বন্ধ করতে ভাড়া বেঁধে দেওয়ার দাবি যাত্রীদের
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: সিউড়িতে টোটো ও অটো চালকদের ভাড়া বেঁধে দেওয়ার দাবি তুলেছেন সাধারণ মানুষ। অভিযোগ শহরের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টোটো চালকরা নিজেদের মর্জিমতো ভাড়া হাঁকাচ্ছেন। তাতে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। এছাড়াও সিউড়ি রেল স্টেশনের সামনে থেকেই টোটো পরিষেবা চালুর দাবি তুলেছেন যাত্রীরা। সেখানে অভিযোগ, সিউড়ি রেল স্টেশনে ট্রেন থেকে নেমে কোনও যাত্রীকে বিভিন্ন সামগ্রী নিয়ে অনেকখানি পথে হেঁটে যাওয়ার পরই টোটো বা অটো ধরার সুযোগ পান যাত্রীরা। এতে বিশেষ করে চরম সমস্যায় পড়তে হয় বয়স্ক যাত্রীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি রেল স্টেশন চত্বর থেকেই এক সময় রিকশ চালকরা ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতেন। পরে টোটো পরিষেবা চালু হওয়ায় রিকশ চালকদের একাংশের প্রতিবাদে স্টেশন চত্বরে টোটো গাড়ি ঢুকতে দেওয়া হতো না। কিন্তু এখন সেখানে রিকশ চালক রয়েছেন দু’-চারজন। যাত্রীরা অধিকাংশই টোটো ধরার জন্য স্টেশন থেকে অনেকখানি পথ হেঁটে গিয়ে তবে টোটো ধরতে পারেন। অর্থাৎ এখনও স্টেশন চত্বর টোটো চালকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানা গিয়েছেন। কিন্তু তাতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সাধারণ যাত্রীদের একাংশের অভিযোগ, একদিকে ট্রেন থেকে নেমে বাড়ি ফেরার জন্য স্টেশনে কোনও পরিবহণ ব্যবস্থা নেই। অনেকখানি পথ হেঁটে টোটো ধরলেও সেখানে টোটোওয়ালারা ইচ্ছামতো ভাড়া হাঁকাচ্ছেন। স্টেশন থেকে এসপি মোড় পর্যন্ত যেখানে জনপ্রতি ভাড়া হওয়া উচিত কুড়ি টাকা হিসেবে পাঁচজনের ভাড়া একশো টাকা। সেখানে তাঁরা ভাড়া হাঁকাচ্ছেন কেউ কেউ ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। রাতের দিকে যাত্রীদের পরিস্থিতির সুযোগ নিয়ে এই প্রবণতা আরও বেড়ে যায় বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে কোনও হেলদোল নেই সিউড়ি পুরসভার। 
Advertisement
অন্যদিকে শহরের বাসস্ট্যান্ড, এসপি মোড়, সুপারস্পেশালিটি হাসপাতাল, ডাঙালপাড়া, মাদ্রাসা রোড, দত্তপুকুর সহ একাধিক দিকে যাতায়াতের জন্য টোটো চালকরা খুশিমতো যাত্রীদের পরিস্থিতির সুযোগ নিয়ে ভাড়া হাঁকাচ্ছেন বলে অভিযোগ। তাই শহরে টোটো চলাচলের জন্য নির্দিষ্ট ভাড়া বেঁধে দেওয়ার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। শুধু তাই নয় সেই নির্ধারিত ভাড়ার তালিকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টাঙিয়ে দেওয়ার দাবিও তুলেছেন তাঁরা। 
এই প্রসঙ্গে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, টোটো চালকদের বিভিন্ন বিষয় নিয়ে পুজোর পর পদক্ষেপ নেওয়ার কথা ছিল। শহরে টোটো নিয়ন্ত্রণের বিষয় নিয়ে শীঘ্রই আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে।  
সম্পর্কিত সংবাদ