সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সদর মহকুমা তৃতীয় ডিভিশন ক্রিকেট লিগে লজ্জার হারের মুখ দেখল তেওয়ারি বাগান সাথী সংঘ। বৃহস্পতিবার শহরের রাধারানি স্টেডিয়ামে তাদের ১৩৫ রানে হারিয়ে দেয় পারবীরহাটা নেতাজি সংঘ। টসে জিতে প্রথমে ব্যাট করে নেতাজি সংঘ ৩৮ ওভারে ৯ উইকেটে ১৫২ রান তোলে। প্রতিপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে ২ ওভার বল কম করায় পেনাল্টি বাবদ আরও ১৬ রান যোগ হয় নেতাজি সংঘের স্কোরে। তাদের স্কোর দাঁড়ায় ১৬৮। অর্জুন সিং ৩০ বলে ৪টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ রান করে অপরাজিত থাকেন। এছাড়াও তন্ময় ঘোষ ২৫ রান করেন। তেওয়ারিবাগান সাথী সংঘের পরিতোষ মণ্ডল ৮ ওভারে ৩১ রান দিয়ে ৩টি উইকেট নেয়। সুমন্ত পাল ২৮ রান দিয়ে দু’টি উইকেট দখল করে। রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে মাত্র ৩৫ রানে গুটিয়ে যায় তেওয়ারিবাগান সাথী সংঘের ইনিংস। ওপেন করতে নেমে শেখ আবুল হাসান দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দু’অঙ্কের রান করতে পারেননি। তাদের ৬ জন ব্যাটার স্কোরারকে বিরক্ত না করে শূন্য রানে আউট হন। নেতাজি সংঘের কৃশানু পাল ৪ ওভার বল করে ৮ রান দিয়ে চারটি উইকেট দখল করেন। এছাড়াও শান্তনু ঘোষ ও সোনু দাস যথাক্রমে ৬ ও ৩ রান দিয়ে ২টি করে উইকেট নেন।



