সংবাদদাতা, বর্ধমান: বর্ধমানে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত তৃতীয় ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবারের খেলায় জয়ী হয়েছে বিবেকানন্দ সেবক সঙ্ঘ। এদিন শহরের রাধারানি স্টেডিয়ামে তারা ৪ উইকেটে ভাতছালা ইউনাইটেড ক্লাবকে হারিয়ে দেয়। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায় বিবেকানন্দ সেবক সঙ্ঘ। ৩২.১ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায় ভাতছালা ইউনাইটেড ক্লাব। দলের হয়ে সের্বাচ্চ ২৪ রান করেন সপ্তর্ষি রায়। তাদের চারজন ব্যাটার রানের খাতা খুলতে পারেননি। তাদের ইনিংসে অতিরিক্ত হিসেবে ৪৮ রান যোগ হয়। বিবেকানন্দ সেবক সঙ্ঘের হয়ে অভিজিৎ রাজভর ১৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়াও শেখ মুজাম্মেল রহমান ও রফিরাজ মল্লিক যথাক্রমে ২৫ ও ২৬ রান দিয়ে ৩টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ২১.৫ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান তুলে ম্যাচ জিতে নেয় বিবেকানন্দ সেবক সঙ্ঘ। সুজিতকুমার নায়েক ৪৯ রান করে দলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন। এছাড়াও রিন্টু ঘোষ ২৮ রান করেন। ভাতছাড়া ইউনাইটেডের ঋতম ঘোড়ুই ৫ রান দিয়ে তিনটি উইকেট নেন। অরিত্র ঘোষ ১৫ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। এদিন খেলার শুরুতে বাংলার প্রাক্তন রনজি ক্রিকেটার শুভ্রজিৎ বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুতে একমিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও সন্ধ্যায় শহরের কার্জন গেট এলাকায় তাঁর মৃত্যুতে শোকসভার আয়োজন করা হয়। শুভ্রজিৎ বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রিকেট লিগে কয়েকবছর শিবাজি সঙ্ঘের হয়ে খেলেন।



