Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করতেই পরিবহণ অফিসে লম্বা লাইন

টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করতেই পরিবহণ অফিসে লম্বা লাইন
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: টোটো চালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করায় লাইন পড়েছে মুর্শিদাবাদ আঞ্চলিক পরিবহণ দপ্তরে। পরিবহণ দপ্তর সূত্রে খবর, গত দু’ মাসে প্রায় আড়াই হাজার টোটো চালক ড্রাইভিং লাইসেন্স করিয়েছেন। লার্নারের জন্য রোজ ৩০-৪০ জন অনলাইনে আবেদন জমা দিচ্ছেন। এদিকে বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের (ডিএল) জন্য টেস্ট ড্রাইভও বাধ্যতামূলক করা হয়েছে। যার ফলে সূর্য অস্ত যাওয়ার আগে পর্যন্ত মাঠে হাজির থেকে পরিবহণ দপ্তরের আধিকারিকরা ডিএলের জন্য টেস্ট ড্রাইভ নিচ্ছেন। অতিরিক্ত ভিড়ের জন্য কালঘাম ছুটছে পরিবহণ দপ্তরের কর্তাদের। দপ্তরের কর্মীদের দাবি, স্বচ্ছতার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় প্রতিদিন কাজ চলছে। ড্রাইভিং লাইসেন্স করার হিড়িক পড়ায় সরকারি কোষাগারেও ব্যাপক অর্থ জমা পড়ছে। মুর্শিদাবাদ আঞ্চলিক পরিবহণ আধিকারিক শিবাশিস সরকার বলেন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া টোটো চালকরা পথে নামতে পাবেন না— এই সরকারি নির্দেশিকা বলবৎ হতেই টোটো চালকরা আগ্রহ দেখাতে শুরু করেছেন। আমরাও চেষ্টা করছি সকলকে এক ছাতার তলায় আনতে। এতদিন টোটোর জন্য বিধিনিষেধ ছিল না। রোড ট্যাক্স, ইন্সিওরেন্স, নম্বর প্লেট ছাড়ায় টোটো চালকরা অবাধে গাড়ি চালিয়ে এসেছেন। এর ফলে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে টোটো চালক বা যাত্রী কেউ ক্ষতিপূরণের টাকা পেতেন না। সরকারি আইনে রদবদল এনে টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি চালকের ডিএলও মেন্ডেটারি করা হয়েছে। গজধরপাড়ার টোটো চালক নুরুল হোদা বলেন, সরকার যখন সবার জন্য আইন করেছে সে আইন মানতে আমরা বাধ্য। যেভাবে ধড়পাকড় শুরু হয়েছে তাতে দেরি না করা উচিত মনে করেই লাইসেন্সের জন্য লাইন দিয়েছি। চোয়াপুর এলাকার টোটো চালক অতীশ সাহা বলেন, পরিবহণ দপ্তর গাড়ি ধরলে যে টাকা জরিমানা দিতে হবে ড্রাইভিং লাইসেন্স করাতে তার থেকে অনেক কম খরচ পড়ছে। জানা গিয়েছে, অনলাইনে আবেদন করে সরাসরি টোটো চালকদের ফ্রেশ লার্নার লাইসেন্সের জন্য ২৪০ টাকা দিতে হয়। পরবর্তিতে ডিএলের জন্য লাগে ৭৪০ টাকা। যাঁদের দু’ চাকা বা চার চাকার লাইসেন্স রয়েছে তাদের অ্যাডিশনাল এনডোর্সমেন্ট ফি হিসেবে লার্নারের জন্য লাগবে ১৯০ টাকা।  
Advertisement
সম্পর্কিত সংবাদ