Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তুষের সঙ্গে নিষিদ্ধ রং মিশিয়ে গুঁড়ো মশলা, কারখানা সিল

তুষের সঙ্গে নিষিদ্ধ রং মিশিয়ে গুঁড়ো মশলা, কারখানা সিল
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পুরুলিয়া টাউন থানা থেকে ঢিলছোড়া দূরত্বে খোঁজ মিলল ভেজাল গুঁড়ো মশলা তৈরির কারখানার। বুধবার শহরের নামোপাড়া রথতলার একটি মশলা পেষাই কারখানায় পুলিস ও প্রশাসনের আধিকারিকরা অভিযান চালান। সেখানে গিয়ে তাঁদের চক্ষু চড়কগাছ। দেখা যায়, মশলায় দেদার ভেজাল মেশানো হচ্ছে। শুধু তাই নয়, এমন কিছু সামগ্রী উদ্ধার হয়, যা মশলার কারখানায় থাকারই কথা নয়। পুলিস ওই কারখানায় তালা ঝুলিয়েছে।
Advertisement
বুধবার পুরুলিয়া সদর মহকুমা শাসক উত্পল ঘোষ, ডেপুটি পুলিস সুপার(এনফোর্সমেন্ট ব্রাঞ্চ) জীবনেশ রায়, খাদ্যসুরক্ষা আধিকারিক মহুয়া মোহান্তি সহ অন্যরা অভিযানে বের হন। শহরের তেলকলপাড়ায় যেখানে মশলা প্যাকেটজাত করা হয়, সেখানে তাঁরা হানা দেন। এরপর সোজা আসেন রথতলার ওই কারখানায়।
পুলিস জানিয়েছে, সেসময় ওখানে অস্বাস্থ্যকর পরিবেশে চালের তুষ, তেজপাতা ও কাঠের গুঁড়ো মিশিয়ে ভেজাল হলুদগুঁড়ো প্রস্তুত হচ্ছিল! আধিকারিকদের আসতে দেখে কয়েকজন কর্মী পালিয়ে যায়। ওই ঘরে কয়েক বস্তা ধানের তুষ, ধুলোর মতো কয়েক বস্তা গুঁড়ো, রাসায়নিক রং মিলেছে। সেসব জিরে, ধনে ও হলুদ গুঁড়োয় মেশানো হতো। হলুদ ও লঙ্কা গুঁড়োয় রাসায়নিক রং মেশানো হতো বলেও পুলিস জানিয়েছে। 
মহকুমা শাসক বলেন, রাসায়নিক রং, তুষ সহ এমন কিছু সামগ্রী মিলেছে, যা মশলার কারখানায় থাকার কথা নয়। মনে হচ্ছে সেসব ভেজাল হিসেবে মশলায় মেশানো হতো। খাদ্যসুরক্ষা আধিকারিক বলেন, যেসব মশলা ও অন্য সামগ্রী উদ্ধার হয়েছে, তার নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডেপুটি পুলিস সুপার জানান, কারখানাটি সিল করা হয়েছে। সেটির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুরুলিয়া শহরের জনবহুল এলাকায় এই কারখানাটি বহু বছর ধরেই চলছে। সেখান থেকে মশলা প্যাকেটজাত করে শহর ও আশপাশের এলাকায় পাঠানো হতো। বস্তায় ভরে তা সারা জেলায় ছড়িয়ে দেওয়া হতো। যেহেতু এখানেই মশলা পেষাই হতো, তাই বহু মানুষ ভরসা করে এখান থেকে মশলা কিনে নিয়ে যেতেন। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এরকম বেআইনি কারবারের খবর কেন এতদিন প্রশাসনের কাছে ছিল না-বাসিন্দারা সেই প্রশ্ন তুলেছেন। মহকুমা শাসক বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। আগামী দিনে এরকম অভিযান চলতেই থাকবে।
সম্পর্কিত সংবাদ