Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্র্যাফিক কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ারকে মারধর, গ্রেপ্তার এক যুবক

ট্র্যাফিক কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ারকে মারধর, গ্রেপ্তার এক যুবক
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তুফানগঞ্জ: কর্তব্যরত ট্র্যাফিক কনস্টবেল এবং সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বক্সিরহাটের রামপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোড়াই ফাঁড়ি সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিস অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এ ব্যাপারে ভবেশ মজুমদার নামে আক্রান্ত পুলিস কর্মী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পরে অভিযুক্ত যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম অভিজিৎ চৌধুরী। তার বাড়ি মধ্য রামপুর এলাকায়। 
Advertisement
থানা সূত্রে খবর, সোমবার বিকেলে জোড়াই ফাঁড়ি সংলগ্ন এলাকায় ট্র্যাফিকের  ডিউটি করছিলেন পুলিস কর্মীরা। ঠিক সে সময় এক যুবক হঠাৎই মোবাইলে পুলিসের ছবি, ভিডিও তুলতে শুরু করেন। নিষেধ করলে ভবেশবাবুর উপর চড়াও হয় যুবক। ধাক্কা মেরে বাইকের উপর ফেলে দেন তাকে। এমনকি এলোপাথারি চড়, কিল, ঘুষি মারতে শুরু করেন। সে সময় সঞ্জিত বর্মন নামে এক সিভিক ভলান্টিয়ার পুলিস কর্মীকে উদ্ধারের জন্য এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। এরপর দু’জনকেই বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
এ ব্যাপারে তুফানগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক বৈভব বাঙ্গার বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় অভিজিৎ চৌধুরী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। তুফানগঞ্জ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জীবকুমার বর্মন বলেন, ধৃতকে আদালতে তোলা হলে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
সম্পর্কিত সংবাদ