Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

খাবারবাহী ট্রাকে লুকিয়ে গোপনে বিমান বদল ট্রাম্পের, দাবি মার্কিন সংবাদপত্রের

বিপদের আঁচ পেয়ে খোলসে ঢোকে কচ্ছপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কি কাছিম-অনুসারী হলেন

খাবারবাহী ট্রাকে লুকিয়ে গোপনে বিমান  বদল ট্রাম্পের, দাবি মার্কিন সংবাদপত্রের
  • ১২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: বিপদের আঁচ পেয়ে খোলসে ঢোকে কচ্ছপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কি কাছিম-অনুসারী হলেন! দ্য ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত একটি রিপোর্ট ঘিরে শোরগোল তুঙ্গে। এই মার্কিন সংবাদপত্রের দাবি, গত মাসে ন্যাটো সম্মেলনের পর আঙ্কারা থেকে ফেরার পথে গোপনে বিমান বদল করেছিলেন ট্রাম্প। বিমানবন্দরে একটি বিমানে ওঠার পর সকলের নজর এড়িয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় দাঁড়িয়ে থাকা অন্য একটি বিমানে। একটি কেটারিং ট্রাকে লুকিয়ে বিমান বদল করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কেন? মার্কিন গোয়েন্দাদের কাছে নাকি নিশ্চিত খবর ছিল, তুরস্ক থেকে ফেরার সময় ট্রাম্পের বিমানে মিসাইল হামলা চালাতে পারে ইরান। সেই আতঙ্কেই ট্রাম্পের এই বিমান বদল। তবে এবিষয়ে মুখে কুলুপ হোয়াইট হাউসের।

Advertisement

তুরস্ক থেকে ফেরার সময় ঠিক কী ঘটেছিল? রিপোর্ট বলছে, আঙ্কারা বিমানবন্দরে ক্যামেরার সামনেই ট্রাম্প প্রথমে ওঠেন এয়ারফোর্স ওয়ান বিমানে। তবে সেই বিমানের পিছনের দরজা দিয়ে তাঁকে গোপনে তোলা হয় কেটারিং ট্রাকে। খাবারবাহী সেই ট্রাকে লুকিয়েই তিনি পৌঁছে যান অপেক্ষাকৃত ছোটো এয়ারফোর্স সি-৩২এ সামরিক বিমানে। এয়ারফোর্স ওয়ানে থাকা হোয়াইট হাউসের স্টাফ ও সাংবাদিকরা পর্যন্ত বিষয়টি টের পাননি।
আলোচনা ভেস্তে যাওয়ায় আমেরিকা ফের ইরানে হামলা শুরু করার পরের দিনই আঙ্কারায় ট্রাম্পের এই গোপন বিমান বদল হয় বলে রিপোর্ট। আঙ্কারায় ন্যাটোর সম্মেলন চলাকালীন ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পয়লা নম্বর নিশানা তিনিই। মার্কিন প্রেসিডেন্ট আঙ্কারায় পৌঁছেছিলেন ন্যাটো সম্মেলন উপলক্ষ্যে কাতারের দেওয়া নতুন বোয়িং ৭৪৭-৮ বিমানে। যদিও ফেরার পথে তিনি নিজের পুরানো এয়ারফোর্স ওয়ান বিমানই ব্যবহার করবেন বলে ঘোষণা করেছিলেন। সেইমতো ৮ জুলাইয়ের ফুটেজে তাঁকে আঙ্কারা বিমানবন্দরে নিজের এয়ারফোর্স বিমানে উঠতেই দেখা যায়। ওয়াশিংটন পোস্টের দাবি, এয়ারফোর্স ওয়ানে থাকা সাংবাদিক এবং হোয়াইট হাউসের কিছু কর্মীকে জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল। তাঁরা জানতেন না যে প্রেসিডেন্ট আর বিমানে নেই। ট্রাম্প গোপনে খাবারবাহী ট্রাকে চেপে সি-৩২এ সামরিক বিমানে গিয়ে উঠেছিলেন। সেই বিমানে আগে থেকেই ছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। তুরস্ক থেকে ব্রিটেন হয়ে আমেরিকা ফিরেছিলেন ট্রাম্প। ব্রিটেনে পৌঁছে তিনি ফের এয়ারফোর্স ওয়ানে ফিরে আসেন এবং তাঁকে ওই বিমান থেকে নামতেও দেখা যায়। তবে তিনি কীভাবে সি-৩২এ থেকে এয়ারফোর্স ওয়ানে ফিরে গেলেন, তা স্পষ্ট নয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ