নির্বাচনে ভরাডুবির পরেও হার মানতে নারাজ ট্রাম্প, ‘আরও শক্তিশালী হয়ে ফিরব’, হুংকার প্রেসিডেন্টের
  • ৯ নভেম্বর, ২০২৬ ১০:৩০
Prefer us on Google

ওয়াশিংটন, ৯ নভেম্বর: নির্বাচনের ফলাফল বদলে দিয়েছে মার্কিন রাজনীতির সমীকরণ। একের পর এক আসনে ধরাশায়ী রিপাবলিকান শিবির। কংগ্রেসের দুই কক্ষই চলে গিয়েছে ডেমোক্র্যাটদের দখলে। এমন নজিরবিহীন ধাক্কায় রাজনৈতিক মহলে যখন ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে, তখনই পালটা হুঙ্কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। পরাজয়কে ইতিহাসের পিছিয়ে যাওয়ার পদক্ষেপ বলে আখ্যা দিয়েও তাঁর দাবি, এই ধাক্কা সামলে আরও বড় শক্তি নিয়ে ফিরে আসবে তাঁর শিবির।

Advertisement

রবিবার নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ -এ একটি পোস্টে ট্রাম্প লেখেন, গত নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে আমেরিকা ইতিহাসের পথে এক বিশাল ধাপ পিছিয়ে গিয়েছে। তাঁর আরও দাবি, তাঁর শাসনকালে যে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী হয়েছিল, নির্বাচনের ফল প্রকাশের পর সেখানেও পতন দেখা গিয়েছে। তবে সমর্থকদের আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্টের বার্তা, ভয় পাওয়ার কিছু নেই। আরও বড় এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে তাঁর শিবির। উল্লেখ্য, গত মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি। কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই নিজেদের হাতে নিয়েছে ডেমোক্র্যাটরা। যে সব রাজ্যে কয়েক দশক ধরে রিপাবলিকানদের আধিপত্য ছিল, সেখানেও বড় ধাক্কা খেতে হয়েছে ট্রাম্প শিবিরকে। তবে নির্বাচনী বিপর্যয়ের পরেও আপাতত পিছু হটার কোনও ইঙ্গিত দিচ্ছেন না ট্রাম্প। বরং পালটা রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। শুক্রবার নিজের ঘনিষ্ঠ ও কট্টরপন্থী উপদেষ্টা স্টিফেন মিলারকে নতুন চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে, ডেমোক্র্যাট শিবিরও যে সহজে ছেড়ে কথা বলবে না, তা স্পষ্ট করে দিয়েছে। ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি স্টিফেন মিলারের বিরুদ্ধেও প্রতিটি পদক্ষেপে লড়াই চালানোর অঙ্গীকার করেছে তারা। বিশেষ করে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অন্যতম রূপকার হিসেবে পরিচিত মিলারকে ঘিরে ডেমোক্র্যাটদের আপত্তি দীর্ঘদিনের।