আমেরিকায় দীপাবলির অনুষ্ঠানে তাণ্ডব, হিন্দুদের তাড়ানোর দাবিতে উঠল স্লোগান, প্রতিবাদে সরব ভারতীয়রা বংশোদ্ভূতরা
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিউ ইয়র্ক: আমেরিকার সিয়াটলে দীপাবলির উদযাপনে হামলার অভিযোগ উঠল উগ্র দক্ষিণপন্থীদের বিরুদ্ধে। বর্ণবিদ্বেষী স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে রীতিমতো তাণ্ডব চালায় অভিযুক্তরা। ভারতীয় ও হিন্দুদের দেশ থেকে তাড়ানোর দাবিও তোলা হয়। কপালে তিলক পরা হিন্দুদের ‘ডট হেডস’ তকমা দিয়ে আক্রমণ করা হয়। রবিবার ভোররাতের এই ঘটনার নিন্দায় সরব মার্কিন কংগ্রেসের বহু সদস্য। একইসঙ্গে প্রতিবাদ জানিয়েছেন আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা। 

Advertisement

জানা গিয়েছে, সিয়াটল সেন্টার আরমরিতে দীপাবলির অনুষ্ঠানে আচমকা ঢুকে পড়েন কট্টর দক্ষিণপন্থী মার্কিন সমাজকর্মী জেক ল্যাং ও থমাস অ্যালেন। দু’জনের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ডিপোর্ট অল ডট হেডস’, ‘স্টপ হিন্দু রিপ্লেসমেন্ট অব খ্রিস্টিয়ানস’। ঘটনার একাধিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা ওই দু’জনকে রুখে দেন। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় বিশৃঙ্খলার ছবি দিয়ে হিন্দুদের গালিগালাজ করেন ল্যাং। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে জয়ী হয়েছে ডেমোক্র্যাটরা। ল্যাংয়ের অভিযোগ, টেক্সাসকে নীল বানানোর নেপথ্যে রয়েছে হিন্দুরা। এটাই অবশ্য প্রথমবার নয়। আগেও তাণ্ডব চালানোর অভিযোগ রয়েছে ল্যাংয়ের বিরুদ্ধে। ‘হোয়াইট রিপ্লেসমেন্ট’ নামে একটি সংগঠনের প্রধান ল্যাং। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল হামলায় ঘটনায় চার বছর জেল হয় তাঁর। ২০২৫ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েই ল্যাংকে ক্ষমা করে দেন ডোনাল্ড ট্রাম্প। সিয়াটলের ঘটনার সম্পর্কে মার্কিন কংগ্রেসের সদস্য প্রমীলা জয়পাল বলেন, ‘এই জঘন্য বর্ণবিদ্বেষী তাণ্ডবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দীপাবলি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। উদযাপনের সময় আমাদের সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। আমাদের শহর ও দেশে এই ধরনের বিশৃঙ্খলার কোনো জায়গা নেই।’ প্রতিবাদে সরব আমেরিকার বিভিন্ন হিন্দু সংগঠন। উত্তর আমেরিকার একটি সংস্থার বার্তা, ‘এই তাণ্ডবের নিন্দা করছি। ইতিমধ্যে কর্মসূচির অংশ হিসাবে একাধিক জায়গায় যাওয়ার কথা জানিয়েছে অভিযুক্তরা। তাই দীপাবলি উদযাপনের সময় প্রত্যেককে সতর্ক থাকতে বলা হচ্ছে।