নেতানিয়াহু জমানার ইতি! ইজরায়েলে সরকার গড়তে ডাক বিরোধী নেতাকে
  • ৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেল আভিভ: নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শুরু থেকেই ক্ষমতা দখল করতে মরিয়া ছিলেন। কিন্তু যতই দিন গড়িয়েছে সেই সম্ভাবনা ক্রমে ক্ষীণ হয়েছে। ইতিমধ্যে বেঁকে বসেছে জোটসঙ্গীরা। দেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পালের হাওয়া দুর্বল হয়েছে।  এই আবহে দেশের পরবর্তী সরকার গঠনের জন্য ডাক পেলেন প্রাক্তন সেনাপ্রধান তথা বিরোধী ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। রবিবার তাঁকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এক্ষেত্রে ২৮ দিনের মধ্যে তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। তারপর প্রয়োজনে আরও ১৪ দিন সময় দেওয়া হতে পারে। গাদি ব্যর্থ হলে শেষমেশ নেতানিয়াহু সরকার গড়ার জন্য ডাক পেতে পারেন। ইজরায়েলি পার্লামেন্টের নবনির্বাচিত ৬৭ জন সদস্য ইতিমধ্যেই আইজেনকোটকে সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহুর পক্ষে  ৪৬ জন। সাতজন কোনো পক্ষকেই সমর্থন জানাননি। আর এখানেই অশনি সংকেত। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সব ঠিক থাকলে ইজরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জমানা এবার শেষ।

Advertisement

এরইমাঝে সরব হয়েছেন নেতানিয়াহু। এক ভিডিয়ো বার্তায় জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে সওয়াল করেছেন তিনি। তাঁর বক্তব্য, ‘আরব দলগুলির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়লে ইজরায়েল ধ্বংস হয়ে যাবে। একজন তাড়াহুড়ো করছেন। আগামী সপ্তাহের মধ্যেই সন্ত্রাসবাদের সমর্থকদের সঙ্গে হাত মিলিয়ে তিনি শপথ নিতে পারেন। এই সরকার গঠিত হলে ইজরায়েলের সুরক্ষাই সংকটে পড়বে। এরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে না। এই ইহুদি বিদ্বেষীদের সরকার ইজরায়লকে শেষ করে দেবে।’ পালটা আক্রমণ শানিয়েছে ইয়াশার পার্টি। তাদের বক্তব্য, ভণ্ডামি করছেন নেতানিয়াহু। হঠাৎ করে লিকুদ পার্টি ও তাদের শরিক দলগুলি বৃহত্তর ঐক্যবদ্ধ সরকার গড়তে চাইছে। এখন একটাই পথ খোলা আছে। চরমপন্থীদের সঙ্গে জোট ভাঙতে হবে তাদের। তারপর প্রকাশ্যে আইজেনকোটের সমস্ত শর্ত মেনে নিতে হবে। লিকুদ পার্টিকে ঘোষণা করতে হবে যে, প্রধানমন্ত্রী আইজেনকোটের নেতৃত্বাধীন সরকারে তারা যোগ দিতে ইচ্ছুক।