ওয়াশিংটন, ১ নভেম্বর: ফের উত্তপ্ত হতে চলেছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিবেশ। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখনও পুরোপুরি শেষ হয়নি। দেশটিতে আরও এক বা দুইটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো বাকি রয়েছে বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নিশানায় রয়েছে নাতানজ পারমাণবিক কেন্দ্রের কাছে অবস্থিত সন্দেহভাজন ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেন।
গতকাল ফ্লোরিডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, আমেরিকা ইতিমধ্যেই ইরানের সামরিক শক্তি এবং পরমাণু কর্মসূচিকে ব্যাপকভাবে দুর্বল করেছে। তবে এখনও ১ থেকে ২টি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা বাকি। তাঁর দাবি, এই কাজ শেষ করতে মাত্র ১০ মিনিট সময় লাগতে পারে।
অপরদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। তাঁর নির্দেশ, আমেরিকা বা ইজরায়েলের তরফে কোনো নতুন হামলা হলে তার জবাব দেওয়া হবে দ্রুত, শক্তিশালী এবং ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই। সেই সঙ্গে মার্কিন ও ইজরায়েলি সম্পদকে নিশানায় রেখে সামরিক প্রস্তুতি বাড়ানোর নির্দেশও দিয়েছেন তিনি। এদিকে মার্কিন সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরদিন থেকেই ইরানে ফের হামলা শুরু করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। ফলে মধ্যপ্রাচ্যে ফের বড়োসড়ো সংঘাতের আশঙ্কা ক্রমশই বাড়ছে।
যদিও মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও জানিয়েছেন, নতুন করে হামলার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ট্রাম্পের তরফে। পাশাপাশি ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখছে।



