মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার মুখে ট্রাম্প,  এগিয়ে ডেমোক্র্যাটরা
  • ৪ নভেম্বর, ২০২৬ ০৯:০৫
Prefer us on Google

ওয়শিংটন, ৪ নভেম্বর: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বড়সড় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত। প্রাথমিক ফলাফলে একাধিক রিপাবলিকান অধ্যুষিত আসনে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটরা। উত্তর ক্যারোলিনায় রিপাবলিকান প্রার্থী মাইকেল হোয়াটলিকে হারিয়ে সেনেট আসন দখল করেছেন প্রাক্তন গভর্নর রয় কুপার। অপরদিকে, জর্জিয়ায় পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট সেনেটর জন অসফ। ফলে মার্কিন কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কায় উদ্বেগ বাড়ছে রিপাবলিকান শিবিরে।

Advertisement

এইবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সেনেটের ৩৫টি আসনে ভোটগ্রহণ হয়েছে। পাশাপাশি ৩৬টি রাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের তিনটি আসন বাড়ানোই যথেষ্ট। অপরদিকে সেনেটে ক্ষমতা দখল করতে প্রয়োজন চারটি আসনের নিট বৃদ্ধি। সূত্র মারফত জানা গিয়েছে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২৪১টি এবং রিপাবলিকানরা ১৯৪টি আসন পেতে পারে। সেনেটেও ডেমোক্র্যাটদের ৫২ থেকে ৪৮ ব্যবধানে এগিয়ে থাকার সম্ভাবনা দেখানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, ডেমোক্র্যাটরা দুই কক্ষের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের আইন প্রণয়নের কর্মসূচি বাধার মুখে পড়বে। পাশাপাশি তাঁর প্রশাসনের বিরুদ্ধে তদন্তের পথও খুলে যাবে। মূলত জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং ইরানের সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের উপর অসন্তোষই নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।