Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

রাজধানীর হতশ্রী চেহারা মোদি সহ বিশ্বনেতাদের দেখাতে চাননি ট্রাম্প

রাজধানীর হতশ্রী চেহারা মোদি সহ বিশ্বনেতাদের দেখাতে চাননি ট্রাম্প
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ছি-ছি এত্তা জঞ্জাল! তাও আবার খাস ওয়াশিংটন ডিসিতে। ফেডারেল বিল্ডিংগুলির নাকের ডগায় রাস্তার ধারে তাঁবু, গ্রাফিতি। রাজপথে গর্ত। রাজধানীর এই হতশ্রী দশা নাপসন্দ তাঁর। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তাঁর সঙ্গে দেখা করতে আসছেন তাবড় বিশ্বনেতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রঁ, ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার— কে নেই সেই তালিকায়। তাঁরা যাতে এইসব তাঁবু, গ্র্যাফিতি, রাস্তার গর্ত দেখে না ফেলেন, সেজন্য আমেরিকার রাজধানী শহর সাফ করার নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার একথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই।

Advertisement

ট্রাম্প বলেন, আমাদের শহর, এই মহান রাজধানীকে আমরা পরিষ্কার করছি। আমরা সব গ্রাফিতি সরিয়ে দেব। আমরা ইতিমধ্যেই তাঁবুগুলি সরিয়ে ফেলছি। আমরা প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছি। শহর পরিষ্কারে খুব ভালো কাজ করছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, স্টেট ডিপার্টমেন্টের ঠিক উল্টোদিকেই সারি সারি তাঁবু। আমরা বলেছিলাম, এসব সরাতে হবে। সরানো হয়েছে। খুব ভালো কাজ করেছে ওরা। আমরা এমন রাজধানী চাই যাকে নিয়ে গোটা বিশ্বে চর্চা হবে। গত দেড় সপ্তাহ ধরে আমার সঙ্গে দেখা করতে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি, ফ্রান্সের প্রেসিডেন্ট, আরও অনেকেই। আমি চাইনি তাঁরা রাস্তার ধারে তাঁবু, গ্রাফিতি দেখুন। রাস্তায় গর্ত, ভাঙা রেলিং দেখুন তাঁরা, সেটাও চাইনি। আমাদের এসব পরিষ্কার করার দরকার ছিল। যাতে সব কিছু সুন্দর দেখায়। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ