ওয়াশিংটন: একদা ঘনিষ্ঠ সহযোগী এখন প্রতিদ্বন্দ্বী! এলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা নিয়ে অবশেষে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এহেন পরিকল্পনাকে ‘হাস্যকর’ বলে কটাক্ষ করেছেন তিনি। আমেরিকার স্থানীয় সময় রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তৃতীয় কোনও রাজনৈতিক দল গড়া একেবারেই হাস্যকর।’
মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিদলীয় রাজনীতিই চলে আসছে। দেড়শ বছরেরও বেশি সময় ধরে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান পার্টি। অনেক ছোট দল থাকলেও তারা হালে পানি পায়নি। এবারও আমেরিকার মাটিতে তৃতীয় কোনও দলের ঠাঁই হবে না বলে মনে করেন ‘রিপাবলিকান’ ট্রাম্প। রবং এতে শুধু বিভ্রান্তিই বাড়াবে বলে তাঁর অভিমত।
শনিবারই ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেন বিশ্বের পয়লা নম্বর ধনকুবের এলন মাস্ক। জানান, আমেরিকার নাগরিকদের ‘স্বাধীনতা ফেরানোর উদ্দেশ্য নিয়েই আজকে আমেরিকা পার্টি গঠিত হল।’ একইসঙ্গে ঘোষণা করেন, ‘দ্বিদলীয় শাসন থেকে মুক্তির সময় এসেছে।’