সংবাদদাতা, হলদিয়া: হলদিয়া থেকে ভিন রাজ্যে যাওয়ার পথে একের পর এক পণ্যবোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় এবার নড়েচড়ে বসেছে হলদিয়ার পুলিস প্রশাসন। গত ১৫ দিনে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা একাধিক ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। সুতাহাটা, পুর এলাকার ডিঘাসীপুর, মহিষাদলের জগতপুর সহ বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতীদের গ্রেপ্তার করেছে। হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী বলেন, কয়েকটি চক্রের পান্ডারা ধরা পড়েছে। ইতিমধ্যেই পাঁচটি ছিনতাইয়ের ঘটনার জট খুলেছে পুলিস। ওই ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের একাংশ গ্রেপ্তার হয়েছে। জানা গিয়েছে, ভারত-নেপাল আন্তর্দেশীয় একটি ছিনতাইয়ের ঘটনা নিয়ে পুলিস চিন্তায় রয়েছে। হলদিয়া বন্দর থেকে নেপালে যাওয়ার পথে ১০৭ টন কয়লা নিয়ে তিনটি ট্রাক উধাও হয়ে যায় বলে অভিযোগ। হলদিয়া থানায় এনিয়ে গত মে মাসে অভিযোগ দায়ের করেছিল নেপালি সংস্থা। নেপালের কাঠমাণ্ডুর গুপ্তা গ্রুপ প্রাইভেট লিমিটেড নামে একটি আমদানিকারী সংস্থা ইন্দোনেশিয়া থেকে স্টিম কয়লা হলদিয়া বন্দরের মাধ্যমে আমদানি করেছিল। ওই নেপালি সংস্থা তাদের লক্ষ লক্ষ টাকার পণ্য চুরি এবং দ্বিপাক্ষিক বৈদেশিক চুক্তি লঙ্ঘন নিয়ে অভিযোগ দায়ের করে। ট্রান্সপোর্টার, গাড়ির মালিক ও ড্রাইভারের বিরুদ্ধে হলদিয়া থানায় অভিযোগ দায়ের হয়। তাদের অভিযোগ, গাড়ির মালিক ইচ্ছাকৃতভাবে কোনও অজ্ঞাত জায়গায় পণ্যসহ গাড়ি আটকে রেখে ৩০-৩২ লক্ষ টাকা দাবি করছে। পুলিস তদন্তে নেমে জানতে পেরেছে, খড়্গপুরে ওই কয়লা বিক্রি করা হয়েছে। গাড়ির হদিশও পেয়েছে পুলিস। প্রসঙ্গত, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১১টি পণ্য বোঝাই ট্রাক উধাও হওয়ার অভিযোগ জমা পড়েছে হলদিয়ার চারটি থানায়। এরমধ্যে শুধু মে মাসেই ৭টি ট্রাক উধাও হয়েছে। কয়লা, ভোজ্যতেল, প্লাস্টিক দানা, স্টিলের পাইপ কী নেই সেই তালিকায়। পুলিস জানিয়েছে, মূলত ভবানীপুর থানাতেই বেশি অভিযোগ জমা পড়ছে। ওই থানা এলাকাতেই ভোজ্যতেলের কারখানা এবং গোডাউন রয়েছে। ভবানীপুর থানা দু›টি ছিনতাই চক্রের পান্ডাদের গ্রেপ্তারের পর তাদের সূত্র ধরেই পর পর সাফল্য পেয়েছে। ওই থানার তদন্তকারী টিম উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদ থেকে প্রায় ১০ লক্ষ টাকার তেল উদ্ধার করেছে।



