Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তীর্থযাত্রার নামে প্রতারণার অভিযোগে বাস আটকে বিক্ষোভ

তীর্থযাত্রার নামে প্রতারণার অভিযোগে বাস আটকে বিক্ষোভ
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: তীর্থ ভ্রমণের নামে প্রতারণা! ফালাকাটায় ফিরতেই বাস আটকে বিক্ষোভ দেখালেন একদল তীর্থযাত্রী। শনিবার দুপুরে তীর্থযাত্রী নিয়ে বাসটি এনবিএসটিসি বাসস্ট্যান্ডে ঢোকে। বাস থেকে নেমেই বিক্ষোভ দেখান যাত্রীরা। দুপুর দু’টো থেকে সাড়ে তিনটা পর্যন্ত বাসটিকে সেখানেই দাঁ‌ড় করিয়ে রাখেন তারা। পরে ফালাকাটা থানার পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগকারী রাধামোহন সরকার, আশা সরকার, রাজু দত্ত বলেন, আমরা দিনহাটার একটি এজেন্সিসংস্থার সঙ্গে যোগাযোগ করি। তারা ১০হাজার টাকার একটি প্যাকেজে স্বর্ণমন্দির, মায়াপুর থেকে বিভিন্ন জায়গা ঘোরাবেন বলে কথা হয়। সেই মতো ফালাকাটা থেকে ১৮জন যাত্রী নিয়ে ২৩ অক্টোবর বাসটি রওনা দেয়। সংস্থা বলেছিল, যাত্রীদের তিনবেলা খাওয়ার সুব্যবস্থা থাকবে। কিন্তু কিছুই হয়নি। উল্টে থাকা খাওয়ার জন্য আরও ৭-৮ হাজার টাকা নেওয়া হয়। শুক্রবার রাতে শিলিগুলি নিয়ে আসা হলেও শনিবার দুপুর পর্যন্ত আমাদের কিছু খেতে দেওয়া হয়নি। ফলে এভাবে সাধারণ মানুষদের তীর্থযাত্রার নাম করে নিয়ে গিয়ে ঠকানো হচ্ছে। তাই আমরা ফালাকাটা ফিরতেই বাসটিকে আটক করে টাকা ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখাই। পরে পুলিসের আশ্বাসে আমরা বিক্ষোভ তুলে নিয়ে বাসটিকে দিনহাটায় যেতে দেই। 
Advertisement
ফালাকাটা থানার পুলিস জানায়, অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে। অপরদিকে ওই এজেন্সি সংস্থার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
সম্পর্কিত সংবাদ