Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তোর্সা পেরিয়ে পুঁটিমারি ও ধোপাডুলিতে হাতির পাল

তোর্সা পেরিয়ে পুঁটিমারি ও ধোপাডুলিতে হাতির পাল
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মাথাভাঙা: মাথাভাঙা-২ ব্লকে ফের লোকালয়ে এল হাতি। বুধবার রাতে লোকালয়ে হাতি ঢুকে পড়ায় বাসিন্দাদের সর্তক করে বনদপ্তর ও প্রশাসন। রীতিমতো মাইক যোগে প্রচার চালানো হয়। সারারাত বনকর্মীরা এলাকায় থেকে হাতির দলের গতিবিধি পর্যবেক্ষণ করেন। সকালে বনকর্মীরা জানান, লোকালয়ের দিকে যে হাতির পাল এসেছিল, রাতেই পাতলাখাওয়া জঙ্গলে ফিরে গিয়েছে। যদিও আতঙ্কের মধ্যেই আছেন বাসিন্দারা। কারণ গতবছরের নভেম্বর মাসে ব্লকের ঘোকসাডাঙা ও পাশ্ববর্তী এলাকায় হাতির হানায় মৃত্যু হয়েছিল চারজনের। এবার তাই আগে থেকেই সর্তক প্রশাসন। 
Advertisement
প্রসঙ্গত, বুধবার রাতে ব্লকের ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের ভেলাকোপা গ্রামে একদল হাতি চলে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দলে ছিল পাঁচটি হাতি। তবে কুয়াশার রাতে বনকর্মীরা হাতির সংখ্যা বলতে পারেননি। গভীর রাতে ভেলাকোপা থেকে হাতির দলটি পুঁটিমারি, ধোপাডুলিতে ঢুকে পড়ে। সকাল হওয়ার আগে বুড়ি তোর্সা নদী পেরিয়ে পাতলাখাওয়ার জঙ্গলে ঢুকে পড়ে হাতির দল। 
স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই সময়ে মাঠে ফসল বোনার কাজ চলায় ক্ষয়ক্ষতি তেমন হয়নি। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে একদল হাতি তোর্সা পেরিয়ে দিনহাটায় চলে যায়। পরে মানসাই নদীর পাড় দিয়ে ফেরার পথে ঘোকসাডাঙায় ব্যাপক তাণ্ডব চালায়। দলছুট হয়ে একাধিক ব্যক্তিকে আক্রমণ করে দু’টি দাঁতাল। হাতির হানায় মৃত্যু হয় চারজনের। আহত হয়েছিলেন কয়েকজন। ফের লোকালয়ে হাতি আসার খবরে এলাকায় আতঙ্ক ছড়ায়। মাথাভাঙা-২ ব্লকের পাশ দিয়ে বয়ে গিয়েছে তোর্সা ও বুড়ি তোর্সা। নদী পেরলেই পাতলাখাওয়া জঙ্গল। প্রতিবছর বাইসন সহ বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। কয়েকমাস আগে প্রেমেরডাঙায় বাইসনের হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। এ ব্যাপারে মাথাভাঙার রেঞ্জার সুদীপ দাস বলেন, মাথাভাঙা-২ ব্লকের ঘোকসাডাঙা পুন্ডিবাড়ি সীমানায় লোকালয়ে একদল হাতি ঢুকে পড়েছিল। তবে রাতেই দলটি পাতলাখাওয়া জঙ্গলে ফিরে গিয়েছে। মাথাভাঙা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন বলেন, প্রশাসন ও বনদপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছি।
সম্পর্কিত সংবাদ