Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তোর্সায় দ্বিতীয় সেতু নির্মাণের জন্য নীতিন গাদকারিকে চিঠি জগদীশের

তোর্সায় দ্বিতীয় সেতু নির্মাণের জন্য নীতিন গাদকারিকে চিঠি জগদীশের
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: একদিকে কোচবিহার শহর। মাঝে তোর্সা। উল্টো দিকে কোচবিহার-১ ব্লকের বিস্তীর্ণ এলাকা, নিশিগঞ্জ সহ আরও বহু এলাকা। মাঝে তোর্সার উপর ঘুঘুমারি সেতু। প্রায় ১০-১২ কিমি ঘুরপথে হাজার হাজার মানুষকে প্রতিদিন আসতে হয় কোচবিহারে। বর্ষায় নদীতে থাকে ব্যাপক স্রোত। কখনও নৌকা চলে, কখনও চলে না। শীতে নদীর উপর অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচল হয়। নদীর খামখেয়ালিপনায় অনেক সময় তাও করা যায় না। ফলে সেই ঘুরপথেই মানুষকে যাতায়াত করতে হয়। তাই তোর্সায় দ্বিতীয় সেতু নির্মাণের দাবি রয়েছে দীর্ঘদিন ধরে। এবার সেই দাবি নিয়েই দিল্লির দরবারে হাজির হলেন কোচবিহারের সাংসদ তৃণমূল কংগ্রেসের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। সরাসরি কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারির সঙ্গে দেখা করে তোর্সায় দ্বিতীয় সেতু নির্মাণের আবেদন জানিয়েছেন তিনি। 
Advertisement
কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, তোর্সার দ্বিতীয় সেতু নির্মাণের বিষয় নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি জানিয়েছেন, সেতু বন্ধন প্রকল্পের মাধ্যমে রাজ্য থেকে অনুমোদন করে পাঠালে কেন্দ্র সেটা করতে পারে। যেহেতু এই জায়গা সরাসরি জাতীয় সড়কের মধ্যে নয়, তাই সরাসরি সেটা করা যাবে না। রাজ্য থেকে প্রস্তাব গেলে কেন্দ্র সেটা করতে পারবে। আমি বিষয়টি নিয়ে রাজ্যের পূর্তমন্ত্রীর সঙ্গে কথা বলব। 
তিনি আরও বলেন, রেলমন্ত্রীর দপ্তরে গিয়ে মাথাভাঙা স্টেশনে পদাতিক ছাড়া অন্যান্য ট্রেনের স্টপেজের দাবি জানিয়েছি। সেখানে মন্ত্রীর সঙ্গে দেখা হয়নি। অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর সঙ্গেও দেখা করে কোচবিহারে বিমানের সংখ্যা বৃদ্ধি, রানওয়ে সম্প্রসারণ সহ অন্যান্য দাবিও জানিয়েছি।
সম্পর্কিত সংবাদ