সংবাদদাতা, রামপুরহাট: শুক্রবার সকালে তারাপীঠে পুজো দিলেন দেব। অভিনেতাকে দেখতে ভিড় উপচে পড়ল। বড়দিনের প্রাক্কালে তাঁর অভিনীত ‘খাদান’ সিনেমা মুক্তি পাচ্ছে। ছবির প্রচারে বাংলার বিভিন্ন জায়গায় ঘুরছেন দেব। এদিন সকালে সেই ছবির সাফল্য কামনায় তারাপীঠে এসে দেবী তারাকে দর্শন করে পুজো নিবেদন করলেন দেব। আরতিও করলেন। দেব আসার খবর চাউর হওয়ায় তাঁর অনুগামীরা আগে থেকেই ভিড় জমাতে শুরু করেন। হলুদ পাঞ্জাবি ও কালো সানগ্লাস পরে যখন তিনি মন্দিরে আসেন তখন চারিদিকে শুধু কালো মাথা। দেবকে এক ঝলক দেখতে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। গর্ভগৃহে ঢুকে পুজো দেন। তাঁর সঙ্গে ছিলেন এই ছবিতে প্রথমবার দেবের সঙ্গে জুটি বাঁধা ইধিকা পাল ও টিমের অন্য সদস্যরা। জানা গিয়েছে, আগামী ২০ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। তার আগে বাংলা ঘুরে সিনেমার প্রচার করছেন।
Advertisement
দেবী তারার গর্ভগৃহ থেকে বেরিয়ে আসার পথে সাংবাদিকরা প্রশ্ন করেন, মায়ের কাছে কী চাইলেন? উত্তরে সাংসদ বলেন, চাওয়ার তো কোনও শেষ নেই। মায়ের কাছে আশীর্বাদ চাইলাম। আমরা সবাই যেন ভালো থাকি, শান্তিতে থাকি। বাংলাদেশ নিয়ে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। বলেন, মন্দিরে এটা নিয়ে আলোচনা করতে চাই না।



