সংবাদদাতা, কালনা: কালীপুজোর রাতে নাদনঘাট থানার এসটিকেকে রোডে বাইক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিস প্রশাসন। এই ঘটনায় দ্রুতগতির বাইক, বেপরোয়া যান চলাচলকেই দায়ী করেছেন অনেকে। দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে নাদনঘাট থানার এসটিকেকে রোড সহ অন্যান্য রোডে চলছে মদ্যপ বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে অভিযান। শুক্রবার নাদনঘাট থানার পুলিস বেপরোয়া ও মদ্যপ অবস্থায় বাইক চালানো, হেলমেট না পরা ও ট্রাফিক আইন ভাঙায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও কালনা থানার পুলিসের পক্ষ থেকে চলছে অভিযান। এদিন কালনা থানার পুলিস মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবারও দুই থানার পুলিস অভিযান চালিয়ে আটজন বাইক চালককে গ্রেপ্তার করেছিল। ধারাবাহিক ভাবে অভিযান চলবে বলে পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে।



