Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৩০টিরও বেশি ভেড়ার মৃত্যু রঘুনাথপুরে রাত পাহারা বাসিন্দাদের

৩০টিরও বেশি ভেড়ার মৃত্যু রঘুনাথপুরে রাত পাহারা বাসিন্দাদের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: অজানা জন্তুর আক্রমণে মৃত্যু হয়েছে প্রায় ৩০টি ভেড়ার। রঘুনাথপুরের গোবরন্দা গ্রামে বর্তমানে আতঙ্কের পরিবেশ। গবাদি পশুর উপর আক্রমণ ঠেকাতে বর্তমানে বনদপ্তরের পাশাপাশি গ্রামবাসীরা রাত পাহারা দিচ্ছেন। বাড়িতে থাকা কাটারি, কুড়ুল হাতে নিয়ে বাসিন্দারা দল বেঁধে রাত জাগছেন। তবে সোমবার রাতে গ্রামে কোনও জন্তুকে ঢুকতে দেখা যায়নি। কোনও ভেড়ার মৃত্যুও হয়নি।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবরান্দা গ্রামে পরপর তিনদিন তিনটি বাড়িতে অজানা জন্তুর আক্রমণের ঘটনা ঘটে। অজানা জন্তুর আক্রমণে গ্রামে এখন পর্যন্ত ৩০টিরও বেশি ভেড়ার মৃত্যু হয়েছে। মৃত ভেড়াগুলির ময়নাতদন্তের পরেও বনদপ্তর নিশ্চিত হতে পারেনি কোন জন্তুর আক্রমণে মৃত্যু হয়েছে। আবার ওই জন্তুরা অন্য কোনও পশুকে মারছে না। শুধুমাত্র ভেড়াদের আক্রমণ করা হচ্ছে। ফলে প্রশাসনের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
গ্রামবাসীদের একাংশ জানিয়েছে, ঘটনার পর থেকে গ্রামের মানুষ আতঙ্কে রয়েছে। রাতে কেউ বাইরে বাথরুমে পর্যন্ত বের হচ্ছে না। কোন জন্তুর আক্রমণে ঘটনাগুলি ঘটছে, তা এখনও জানা যায়নি। ফের আক্রমণ যাতে না হয়, তারজন্য দল বেঁধে চলছে রাতপাহারা।
রঘুনাথপুর বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গ্রামজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। গ্রামে সিসিটিভি লাগানোর জন্য প্রশাসনের উচ্চদপ্তরে জানানো হয়েছে। জন্তুটি কোথা থেকে আসছে এবং কোথায় যাচ্ছে, তা নিশ্চিত করার জন্য আশেপাশের জঙ্গলগুলিতে অনুসন্ধান করা হচ্ছে। রঘুনাথপুরের রেঞ্জার নীলাদ্রি সখা বলেন, পুলিস প্রশাসনের সহযোগিতা নিয়ে বনকর্মীরা রাতে নজরদারি চালাচ্ছেন। গ্রামের মানুষজনও রাত পাহারা দিচ্ছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ