সংবাদদাতা, পতিরাম: তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বালুরঘাটের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চামটা এলাকায়। পরিবার ও পুলিস সূত্রে খবর, ওই তরুণীর নাম মৌসুমী মহন্ত (২০)। তিনি বালুরঘাট কলেজের প্রথম বর্ষের ছাত্রী। বুধবার সকালে ওই ছাত্রীর বাড়িতে কেউ ছিলেন না। সেই সময় তাঁর প্রেমিক বাড়িতে আসে। কিছুক্ষণ বাড়িতে থাকার পর সে বেরিয়ে যায় বলে অভিযোগ। এরপরই ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এই মৃত্যু স্বাভাবিক নয়। এর পিছনে ওই প্রেমিকের হাত রয়েছে। খুন না আত্মহত্যায় প্ররোচনা, এখনও বুঝে উঠতে পারছে না পরিবার। পুলিসের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তাঁরা। তরুণীর অস্বাভাবিক মৃত্যুর পর প্রাথমিক তদন্ত করেছে বালুরঘাট থানার পুলিস। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করা হবে।
Advertisement
পুলিস সূত্রে খবর, ওই তরুণীর বাবা বাইরে কাজে গিয়েছিলেন। মা বাড়িতে ছিলেন না। সেই সুযোগে এদিন সকালে তরুণীর বাড়িতে গিয়েছিল প্রেমিক। যুবক চলে যাওয়ার পর বাড়ির লোকেরা ফিরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। যুবকের সঙ্গে তরুণী সম্পর্ক মেনে নেয়নি পরিবার। যা নিয়ে আগেও তরুণীকে সতর্ক করেছিলেন পরিবারের সদস্যরা। এর মধ্যেই তরুণীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। তাঁর বাবা অসীম মহন্ত বলেন, ওই যুবক ঘর থেকে বেরনোর পরই মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আমার অনুমান ওই ছেলেটি আমার মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়ে গিয়েছে। নাহলে মেয়েকে আত্মহত্যা করতে সে বাধ্য করেছে। বালুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করব।



