সংবাদদাতা, কাটোয়া: শুক্রবার সন্ধ্যায় কাটোয়া রেলগেটে লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক প্রৌঢ়া গুরুতর জখম হন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গেট পড়ে যাওয়া সত্ত্বেও ওই মহিলা ঝুঁকি নিয়ে লাইন পার হচ্ছিলেন। অজ্ঞাতপরিচয় ওই প্রৌঢ়াকে কাটোয়া জিআরপি উদ্ধার করে। এরপর তাঁকে রক্তাক্ত অবস্থায় কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ একটি এক্সপ্রেস ট্রেন হাওড়া থেকে কাটোয়া স্টেশনে ঢুকছিল। রেলগেট পড়া সত্ত্বেও ওই প্রৌঢ়া পারাপারের চেষ্টা করেন। তখনই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ, গুরুত্বপূর্ণ কাটোয়া শহরের মূল প্রবেশপথে এই রেলগেট প্রাচীরের মতো বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। সারাদিনে রেলগেট বহুবার বন্ধ হচ্ছে। রেলগেটটি কার্যত ২৪ঘণ্টার মধ্যে প্রায় ১২ঘণ্টাই বন্ধ থাকছে। তাই অনেকেই রেলগেট পড়া সত্ত্বেও ঝুঁকি নিয়ে লাইন পারাপার করেন।



