Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেনের চাকায় ধোঁয়া, আতঙ্ক

ট্রেনের চাকায় ধোঁয়া, আতঙ্ক
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বালুরঘাট: ফের অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বালুরঘাট-হাওড়া এক্সপ্রেস। ট্রেনের টু টিয়ার কামরায় ধোঁয়া বের হতে থাকায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে।
Advertisement
বুধবার রাতে বালুরঘাট থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেওয়ার পর গঙ্গারামপুর ঢোকার আগে এসি টু টিয়ার কামরা ধোঁয়ায় ঢেকে যায়। যাত্রীরা চিৎকার করলে রেল পুলিস ছুটে আসে। থামিয়ে দেওয়া হয় ট্রেন।  রেল পুলিস ও যাত্রীরা লক্ষ্য করেন বগির নীচে চাকার পাশ থেকে ধোঁয়া বের হচ্ছে। তড়িঘড়ি রেল পুলিস ফায়ার এক্সটিংগুইশার নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ২০ মিনিট পর ধোঁয়া বের হওয়া বন্ধ হয়। পরে গঙ্গারামপুর স্টেশন ট্রেন থামিয়ে রেলকর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখেন। রেল সূত্রে জানা গিয়েছে, চাকায় কোনও সমস্যার কারণে ধোঁয়া বের হচ্ছিল। 
গঙ্গারামপুর স্টেশন মাস্টার অনিরুদ্ধ শর্মা বলেন, রাতে ডিউটিতে ছিলাম না। শুনেছি চাকা থেকে ধোঁয়া বের হচ্ছিল। রেল পুলিসের চেষ্টায় নিভে যায়। বিষয়টি উপরমহলে জানানো হয়েছে। বালুরঘাট শহরের বাসিন্দা ওই ট্রেনের যাত্রী দৃষ্টিদ্বীপ বসু বলেন, পুরো কামরা ধোঁয়ায় ঢেকে যায়। দ্রুত রেল পুলিস আগুন না নেভালে বড় বিপদ হতে পারত। বারবার এমন ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই। 
সম্পর্কিত সংবাদ