Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

তিরন্দাজিতে স্বর্ণপদক প্রাপ্তির

তিরন্দাজিতে স্বর্ণপদক প্রাপ্তির
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: তিরন্দাজিতে ফের বীরভূম জেলার নাম উজ্জ্বল করল বোলপুরের ছাত্রী প্রাপ্তি বটব্যাল। এবছর ৪৫তম রাজ্য তিরন্দাজি প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়ে নজর কাড়ল বোলপুরের শৈলবালা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী প্রাপ্তি। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজ্য তিরন্দাজ সংস্থার পরিচালনায় ও রায়গঞ্জ জেলা তিরন্দাজি সংস্থার উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। সাব-জুনিয়র বালিকা বিভাগের কম্পাউন্ড রাউন্ডে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করে প্রাপ্তি। একই প্রতিযোগিতার অলিম্পিক রাউন্ডেও সে স্বর্ণপদক জয় করে বীরভূম জেলাকে গর্বিত করেছে। প্রাপ্তির এই সাফল্যে উচ্ছ্বসিত বীরভূম জেলা তিরন্দাজি সংস্থা। তবে প্রাপ্তির সাফল্যের প্রাপ্তি এই প্রথম নয়। এর আগেও গত দু’বছরে জাতীয় স্তরে চারটি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করে জেলা তথা রাজ্যকে সে গর্বিত করেছে। এছাড়া মাস কয়েক আগে বোলপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় প্রথম খেলো ইন্ডিয়া মহিলা র‍্যাঙ্কিং তীরন্দাজি প্রতিযোগিতাতেও তৃতীয় স্থান অধিকার করেছিল প্রাপ্তি। বর্তমানে সে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই) এর বোলপুর সেন্টারে প্রশিক্ষণ নিচ্ছে। সাফল্যের বিষয়ে প্রাপ্তি জানাই, মফঃস্বলের মেয়ে হয়েও খেলাধুলায় সবথেকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে আমার বাবা কৌশিক বটব্যাল। ব্যয়বহুল এই প্রতিযোগিতায় লক্ষ লক্ষ টাকা খরচ হলেও অনেক কষ্ট সহ্য করেও বাবা পাশে থেকেছেন। এছাড়া আমার প্রথম প্রশিক্ষক হারেশ কুমার ও বর্তমান প্রশিক্ষক অনিল কুমারসহ জেলা তীরন্দাজি সংস্থার সম্পাদক তাপসকুমার হাজরা প্রতি মুহূর্তে সাহস ও উৎসাহ যুগিয়েছেন। তাঁদের ধন্যবাদ জানাই। তার এই সাফল্যে উচ্ছ্বসিত বীরভূম জেলার তিরন্দাজি সংস্থার সম্পাদক তথা রাজ্য সংস্থার সহ-সভাপতি তাপসকুমার হাজরা। তিনি বলেন, প্রাপ্তি অসাধারণ প্রতিভার অধিকারী। এই প্রতিভা ধরে রাখতে পারলে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তর ও অলিম্পিকেও তার কাছ থেকে আমরা পদক আশা করতে পারি। তবে তাঁর আক্ষেপ, তিরন্দাজি প্রতিযোগিতায় বীরভূম জেলায় প্রতিভার অভাব নেই। গত ১০ বছরে এই জেলা রাজ্য তিরন্দাজিতে প্রথম তিনের মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। কিন্তু বর্তমানে সরকারি সহায়তার অভাবে জেলার অধিকাংশ প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দিতে জেলা সংস্থা বাধ্য হয়েছে। তাই রাজ্য সরকার যদি আর্থিকভাবে তিরন্দাজিতে অর্থ বরাদ্দ করে, তাহলে জেলার অনেক প্রতিযোগী রাজ্য এবং জাতীয় স্তরসহ আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্যের মুখ দেখবে। প্রসঙ্গত, ওই একই প্রতিযোগিতার ইন্ডিয়ান রাউন্ডে বোলপুরের সাই এ প্রশিক্ষণরত নানুরের ছাত্র আদিত্য হাজরাও ব্রোঞ্জ পদক জয় করেছে। - নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ