সংবাদদাতা, বর্ধমান: দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরা থেকে যাত্রীর মোবাইল চুরির ঘটনায় এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে বর্ধমান জিআরপি। ধৃতের নাম সামসাদ আহমেদ। বর্ধমান থানার কৃষ্ণপুরে তার বাড়ি। সোমবার সকালে বর্ধমান স্টেশনের ২-৩ নম্বর প্ল্যাটফর্মে আসানসোলের দিক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের কাছ থেকে চুরির মোবাইলটি উদ্ধার হয়েছে বলে জিআরপির দাবি। জিআরপি জানিয়েছে, গত ১৩ অক্টোবর ঝাড়খণ্ডের তেলিয়া থানার জেএম কমপাউন্ড এলাকার বাসিন্দা আশিসকুমার আগরওয়াল হাওড়া থেকে কোডারমায় যাওয়ার জন্য মুম্বই মেলে চড়েন। ট্রেনটি বর্ধমান স্টেশনে পৌঁছলে তাঁর ঘুম ভাঙে। তিনি দেখেন, তাঁর মোবাইলটি চুরি হয়ে গিয়েছে। ট্রেনটি কোডারমা পৌঁছলে তিনি সেখানকার জিআরপিতে অভিযোগ দায়ের করেন। সেখান থেকে অভিযোগটি বর্ধমান জিআরপিতে পাঠানো হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। জেল হেফাজতে পাঠিয়ে ১৭ জানুয়ারি ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।



