সংবাদদাতা, বোলপুর: ট্রেনে মহিলা নিগ্রহের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল সাঁইথিয়া জিআরপি। ১৩ ডিসেম্বর তারাপীঠ থেকে ফেরার পথে ডাউন তারামা এক্সপ্রেসে এক তরুণী ও তাঁর পরিবারকে একদল যুবক নিগ্রহ করে বলে অভিযোগ। ‘বর্তমান’ পত্রিকায় সেখবর প্রকাশিত হতেই জিআরপির হাওড়া ডিভিশন নড়েচড়ে বসে। তদন্তে নেমে সাঁইথিয়া জিআরপি মল্লারপুর থেকে বৈদ্যনাথ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার অভিযুক্তকে রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। আদালত সূত্রে খবর, ট্রেনের আসনে বসাকে কেন্দ্র করে তারাপীঠ রোড স্টেশন থেকে ওঠা একদল যুবকের সঙ্গে ওই তরুণীর পরিবারের বচসা বাধে। অভিযোগ, তখন ওই তরুণীকে নিগ্রহ ও শ্লীলতাহানি করা হয়। অভিযোগ জানিয়েও কাজ না হওয়ায় তরুণীর পরিবার জিআরপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। এরপরই জিআরপি এক অভিযুক্তকে গ্রেপ্তার করল। সরকারি আইনজীবী সৈকত হাটি বলেন, ২৬ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। এর মধ্যেই পুলিসকে টি আই প্যারেড করার নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুক্ত যুবকের দাবি, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।



