Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ট্রেনে করে গাঁজা পাচারে ধৃতদের ১০ বছর সশ্রম কারাবাস, জরিমানা

ট্রেনে করে গাঁজা পাচারে ধৃতদের ১০ বছর সশ্রম কারাবাস, জরিমানা
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ট্রেনে গাঁজা পাচারের ঘটনায় তিনজনকে দোষী সাব্যস্ত করে সাজা দিল মেদিনীপুর এনডিপিএস আদালত। সোমবার আদালতের বিচারক মন্দাক্রান্তা সাহা দোষীদের ১০ বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। এছাড়া ১ লক্ষ টাকা করে জরিমানা ও অনাদায়ে পাঁচ মাস কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গিয়েছে, দোষী সাব্যস্তদের নাম রিপণ মণ্ডল, আলাউদ্দিন শেখ ও নাজমুল হোদা মোল্লা। তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। ওই দোষী সাব্যস্তদের থেকে ৬৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছিল।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের ৩০ আগস্ট মাসে। ওই দিন দোষী সব্যস্তরা বিপুল পরিমাণে গাঁজা সহ ওড়িশা থেকে এক্সপ্রেস ট্রেনে চেপে বসে। তাদের গন্তব্য ছিল হাওড়া স্টেশন। তবে গোপন সূত্রে খবর পেয়ে জিআরপি থানার আধিকারিকরা আগে থেকেই খড়গপুর স্টেশনে তল্লাশি শুরু করে। সেই তল্লাশি অভিযান চলাকালীন এই তিনজনকে আটক করে পুলিস। তাদের কাছ থেকে প্রায় ৬৫ কেজি গাঁজা উদ্ধার হয়। টানা জিজ্ঞাসাবাদের পর তিনজনকে গ্রেপ্তার করে জিআরপি থানার পুলিস। শুরু হয় বিচার প্রক্রিয়া। ওই বছরেই ২০ ডিসেম্বর চার্জশিট জমা দেয় পুলিস। দ্রুত শুরু হয় তদন্ত প্রক্রিয়া। এরপর এবছর ১৭ মার্চ চার্জফ্রেম গঠন করা হয়। এই ঘটনায় ৮জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। গত ২২ নভেম্বর তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। এদিন সাজা ঘোষণা করলেন বিচারক। 
এদিন সরকারি আইনজীবী দেবাশীষ মাইতি বলেন, দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে। এদিন এনডিপিএস আদালত দোষীদের সাজা দিল।
সম্পর্কিত সংবাদ