Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের একরোখা মনোভাবে  কি ‘বন্ধু’ হারাচ্ছে আমেরিকা? 

ট্রাম্পের একরোখা মনোভাবে  কি ‘বন্ধু’ হারাচ্ছে আমেরিকা? 
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বেজিং (পিটিআই): দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসেই চেনা মেজাজে ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন থেকে বাণিজ্য, দ্বিতীয় ইনিংসেও এই রিপাবলিকান নেতার পরিচিত একরোখা মনোভাব অব্যাহত। এর ফলে কি জাপান ও ভারত সহ ‘বন্ধু’ দেশগুলির সঙ্গে দূরত্ব বাড়বে আমেরিকার? সেই জায়গায় প্রভাব বাড়বে চীনের? জল্পনা তুঙ্গে।
Advertisement
ট্রাম্প তাঁর প্রথম ইনিংসেও দীর্ঘদিনের সহযোগী দেশগুলিকে চ্যালেঞ্জ জানাতে ছাড়েননি। কিন্তু বাইডেন জমানায় দেখা গিয়েছিল অন্য দৃশ্য। চীনের প্রভাব রুখতে কোয়াড গোষ্ঠীকে পুনরুজ্জীবিত করেছিলেন আমেরিকার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট। যে গোষ্ঠীতে আমেরিকা ছাড়া আছে ভারত, অস্ট্রেলিয়া ও জাপান। বিশেষজ্ঞদের মতে, হোয়াইট হাউজে পালাবদলের পরে মিলেছে সমীকরণ বদলের ইঙ্গিত। এই পরিস্থিতিতে চীনের সঙ্গে সম্পর্কে উন্নতি আনতে শুরু করেছে ভারত, অস্ট্রেলিয়া ও জাপান। একই পথে ব্রিটেনও। সুযোগ বুঝে ওই দেশগুলিকে কাছে টানার মরিয়া চেষ্টা শুরু করে দিয়েছে বেজিংও। সাংহাইয়ের ফুডান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের ডিন ইউ জিংবো বলেন, ‘আমেরিকার সহযোগী দেশগুলির থেকে ট্রাম্পের মুখ ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা প্রবল। এর ফলে ওই দেশগুলির কাছে চীনের ভূমিকা আরও গুরুত্ব পেতে পারে। বেজিংয়ের কাছে এটি একটি বড় কূটনৈতিক সুযোগ। আমার মতে, এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত আমাদের।’ যদিও ভিন্নসুর শোনা যাচ্ছে আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হাঘেসের কণ্ঠে। তাঁর বক্তব্য, ‘বিশ্বকে চীনের সঙ্গে আরও বেশি করে সংঘাতের রাস্তায় ঠেলে দেওয়ার রেকর্ড রয়েছে ট্রাম্পের। শুধু তাই নয়, মার্কিন বিদেশ সচিব পদের দায়িত্ব নিয়েই মঙ্গলবার কোয়াড গোষ্ঠীর দেশ ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কো রুবিও। কোয়াড দেশগুলি যে ট্রাম্পেরও অগ্রাধিকারের তালিকায় থাকছে, এই বৈঠক থেকে সেই ইঙ্গিত মিলছে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ